হাওড়ার বাঁকড়ায় গণপিটুনি, ছেলেধরা সন্দেহে যুবককে বেধড়ক মার
রাজ্যে গণপিটুনি কোনওমতেই বন্ধ করা যাচ্ছে না। একের পর এক জায়গা থেকে সামনে আসছে গণপিটুনির ঘটনা। এবার হাওড়ার বাঁকড়ায় গণপিটুনির ঘটনা ঘটল। শিশুকে চুরি করে পালিয়ে যাচ্ছে। এই কথা চাউড় হয়ে যায় এলাকায়।
ফের ছেলেধরা সন্দেহে 'গণপিটুনি'র অভিযোগ সামনে এল। এবার হাওড়ায় বাঁকড়ার ফকিরপাড়ার ঘটনা। ওই ঘটনা ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয় শনিবার রাতে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীও পৌঁছেছিল। পুলিশ ওই আক্রান্ত যুবককে উদ্ধার করে। তবে সেক্ষেত্রেও অনেক বেগ পেতে হয়।

এলাকার একটি শিশুকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই অভিযোগ ওঠে এক যুবকের বাড়িতে। এরপরেই শুরু হয় মারধর। রীতিমতো এলাকার লোকজন ঘিরে ধরে ওই যুবককে গণপিটুনি দিতে থাকে৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। জনতার হাত থেকে আক্রান্ত যুবককে উদ্ধার করে।
তবে জনতাকে প্রথম দিকে শান্ত করতে পারেনি পুলিশ। এক সময় পুলিশের হাত থেকে যুবককে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করে এলাকার মানুষ। শেষ পর্যন্ত পুলিশ তাদের থেকে যুবককে উদ্ধার করে নিয়ে গিয়েছে। গতকাল রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় এই গণপিটুনির ঘটনা দেখা যাচ্ছে৷ ছেলেধরা সন্দেহে প্রথমে উত্তর ২৪ পরগনার বারাসতে এই গণপিটুনি হয়েছিল। তারপর একে একে বিভিন্ন জায়গায় এই ঘটনা দেখতে পাওয়া যায়। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে হাওড়া, বর্ধমান, উত্তর দিনাজপুর হয়ে বিভিন্ন জায়গায় গণপিটুনির খবর সামনে এসেছে। খাস কলকাতাতেও গণপিটুনির ফলে একজনের মারা যাওয়ার খবর এসেছে।
প্রশাসনের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে। গণপিটুনির ঘটনা থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে বলা হচ্ছে। কিন্তু তারপরেও এমন ঘটনা সামনে আসছে।












Click it and Unblock the Notifications