তিন প্রধানের সম্মিলিত প্রতিবাদে সামিল মোহনবাগান এসজি অধিনায়ক শুভাশিস, শুভেন্দু দিলেন নয়া স্লোগান
Football Fans' Protest: ফুটবলপ্রেমীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ। আর তাতেই উত্তপ্ত পরিস্থিতি। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ ইএম বাইপাস।
ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। ফলে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ।

ফুটবলপ্রেমীদের প্রতিবাদ কর্মসূচি দেখে ঘরে বসে থাকতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বোস। তিনি সস্ত্রীক পথে নেমে দাবি তুললেন, আরজি কর কাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের। শুভাশিসকে তিন প্রধানের সমর্থকরাই এ জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
শুভাশিস বলেন, আমরা ম্যাচ খেলতে পছন্দ করি। ম্য়াচ বাতিল হলে ভালো লাগে না। কেন ম্যাচ বাতিল করা হলো তা পুলিশ ও প্রশাসনের ব্যাপার। কিন্তু আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার ন্যায়বিচার চাই। ফুটবলপ্রেমীদের উদ্যোগ দেখে ঘরে বসে থাকতে পারলাম না।
ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের পতাকা হাতে পাশাপাশি হাতে ফুটবলপ্রেমীদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন ফুটবলপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, মোহনবাগানীর কাঁধে চেপে স্লোগান দিচ্ছেন ইস্টবেঙ্গল ভক্ত।
এদিনের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও জমায়েত রুখতে ১৬৩ ধারা জারি করা হয়েছিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও সংলগ্ন এলাকায়। কাদাপাড়ায় প্রথমে ধরপাকড় ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। কয়েকজনকে আটক করার পর প্রিজন ভ্যান থেকে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ, তিন প্রধানের সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ে।
প্রচুর মহিলাও এদিন প্রতিবাদ জানাতে এসেছেন। পুলিশি অত্যাচারের পর স্লোগান ওঠে 'দফা এক দাবি এক, মমতার পদত্যাগ', 'এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি'। অভিযোগ, নিয়ম ভেঙে অনেক মহিলাকে হাত ধরে টেনেছে পুলিশকর্মীরা, তাতে কয়েকজন মহিলা জখম হয়েছেন। মহিলা পুলিশকর্মীরা ছিলেন না।
প্রতিবাদের ডার্বি করে বাতিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলে হাসিল?
— Suvendu Adhikari (@SuvenduWB) August 18, 2024
উঠিয়েছো লাঠি এবার যবে, দেখবে কেমন খেলা হবে !
ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট... pic.twitter.com/wTTVYfsdqc
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনার নিন্দা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এবার মানুষ দেখুন কাদের ভোট দিয়ে জিতিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না। ওঁকে পদত্যাগ করাতে হবে। রাজনৈতিক পতাকা দূরে সরিয়ে নবান্ন অভিযান হোক। যে কেউ ডাক দিন সাধারণ নাগরিক হিসেবে আমি আছি।
প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বাইপাস অবরুদ্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন তাঁরা। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লিখেছেন, "প্রতিবাদের ডার্বি করে বাতিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলে হাসিল? উঠিয়েছো লাঠি এবার যবে, দেখবে কেমন খেলা হবে! ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট...।"












Click it and Unblock the Notifications