SAFF Championship 2023: কুয়েতের বিরুদ্ধে ভারতের জয় অধরা আত্মঘাতী গোলে, সেমিফাইনালে সুনীলদের কার্ড সমস্যা
SAFF Championship 2023: সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ-র শেষ ম্যাচে শক্তিশালী কুয়েতের বিরুদ্ধে এগিয়ে থেকেও ভারতের জয় অধরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আনোয়ার আলির আত্মঘাতী গোলই বদলে দিল পরিস্থিতি।
বেঙ্গালুরুতে ভারত বনাম কুয়েত ম্যাচটি শেষ হলো ১-১ গোলে। প্রথমার্ধের ইনজুরি টাইমের গোলে এগিয়ে যায় ভারত। ৯০ মিনিট অবধি সেই লিড বজায় ছিল। যদিও শেষ মুহূর্তে সমতা ফেরায় কুয়েত। ভারতের হেড কোচ ইগর স্টিম্যাচ-সহ তিনজন লাল কার্ড দেখলেন।

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলো দুই দলের মধ্যে। কেরিয়ারের ৯২তম আন্তর্জাতিক গোলটি এদিন পেলেন সুনীল ছেত্রী। হাফ টাইমের সামান্য আগে দুরন্ত ভলিতে গোল করেন ভারত অধিনায়ক। ভারত শুরু থেকেই ছিল আক্রমণাত্নক। প্রেসিং ফুটবলে চাপে রাখছিল কুয়েতের রক্ষণভাগকে।
এদিনের ম্যাচে আগাগোড়া সেট পিসে বিপজ্জনক হয়ে উঠছিল ভারতীয় দল। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলমুখ খোলে বিরতির ঠিক আগে। ১৪ মিনিটের মাথায় সন্দেশ ঝিঙ্গন ফ্লাইং চ্যালেঞ্জ করে কার্ড দেখেন। ফলে শনিবারের সেমিফাইনালে তিনি খেলতে পারবেন না। কুয়েত গোলের প্রথম সুযোগটি তৈরি করে ২০ মিনিটে। আক্রমণ, প্রতি আক্রমণে ম্যাচ ছিল জমজমাট।
অনিরুদ্ধ থাপার কর্নার থেকে কুয়েতের জোনাল মার্কিংকে ভোঁতা করে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনীল। কুয়েত দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের মরিয়া প্রয়াস চালাতে থাকে। ৫৭ মিনিটে আল খালিদির ফ্রি কিক বাঁচিয়ে দেন অমরিন্দর সিং। ভারতও আক্রমণাত্মক ফুটবলের রাস্তা থেকে সরেনি।

খেলার বয়স যখন ৮০ মিনিট অতিক্রান্ত, রেফারি আলমগীরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ভারতীয় হেড কোচ ইগর স্টিম্যাচ। টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় লাল কার্ড। ম্যাচের শেষ লগ্নেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু পরিবর্ত রোহিত কুমার উদান্তা সিংয়ের লো ক্রসকে জালে জড়াতে পারেননি।

৮৪ মিনিটে আল খালিদির একটি ভালো প্রয়াস রুখে দেন অমরিন্দর। স্টিম্যাচ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর ম্যাচের মেজাজ হয় আরও চড়া। সাহাল আবদুল সামাদকে কুয়েতের ফুটবলাররা ফাউল করে দ্রুত খেলা শুরু করতে গেলে দুই দলের ফুটবলারদের মধ্যে গণ্ডগোল শুরু হয়। রহিম আলি ও কুয়েতের হামাদ আল-কালাফ লাল কার্ড দেখেন।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আবদুল্লাহ আল-ব্লৌশির আপাত নিরীহ ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে বসেন আনোয়ার আলি। যার ফলে গ্রুপের শীর্ষস্থান দখল করা সম্ভব হলো না ভারতের পক্ষে।












Click it and Unblock the Notifications