Euro Cup 2024: ৩৯ বছরেও দলের মধ্যমণি, পর্তুগাল জিতবে ইউরো? টুর্নামেন্ট শুরুর আগেই বড় বয়ান রোনাল্ডোর
২০০৪ সালে ডেকো, ফিগোদের পাশে শুরু হয়েছিল রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ার। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দুই দশক । এবারই হয়ত শেষ ইউরো খেলতে নামছেন। মুখে স্বীকার না করলেও, জার্মানির মাঠে বুট পায়ে নামার আগে সেই ইঙ্গিত দিচ্ছেন।
৩৯ বছর বয়সেও রোনাল্ডোই পর্তুগাল দলটার মূল নিউক্লিয়াস।বয়স হলেও ফিটনেসটা ধরে রেখেছেন। প্রস্তুতি ম্যাচেও করেছেন জোড়া গোল। ক্লাবস্তরে ইউরোপের ফুটবল থেকে সরে গিয়েছেন। এবার ইউরো কাপে একাধিক তারকার মধ্যেও তিনিই মহাতারকা। ২০১৬ সালের পর পর ফের ৮ বছর বাদে চ্যাম্পিয়ন হতে পারবে পর্তুগাল? রোনাল্ডো কিন্তু জবাবটা দিয়ে দিলেন।

রোনাল্ডো আরও বলেন, 'যে কোনও টুর্নামেন্টে ভালো শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ, যা অপরিহার্য। আমি প্রস্তুত বোধ করছি, আমি এই প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করেছি। এটি আমার ষষ্ঠ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, তাই টুর্নামেন্টটি যতটা সম্ভব উপভোগ করা এবং দলকে চ্যাম্পিয়ন করানোই আমার লক্ষ্য থাকবে।
২০০৪ সালে অভিষেক হয় রোনাল্ডোর। সেবার ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি পর্তুগাল। ২০১৬ সালে একবারই পর্তুগাল ইউরো জেতে। ২০০৪ সালে অভিষেক থেকে ২১টি ক্যালেন্ডার ইয়ারের প্রতিটিতে দেশের হয়ে গোল করার নজির রয়েছে সিআরসেভেনের। ২৭০টি ম্যাচে তাঁর গোলের সংখ্যা ১৩০।ইতিমধ্যেই ইউরো কাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি ১৪টি গোল করার রেকর্ড নিজের দখলে রেখেছেন সিআর সেভেন।
শুক্রবার থেকেই জার্মানিতে অনুশীলন শুরু করে দিয়েছে পর্তুগাল। আর পর্তুগালের আর্কষণের কেন্দ্রবিন্দুতে রোনাল্ডোই।সিআর সেভেনের ট্রেনিং দেখতে অনেকেই গ্যালারির প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়লেন।আর মাঠে উপস্থিত নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মাঠে দুই সমর্থক ঢুকে পড়েন। একজন তো আবার পর্তুগালের সহকারি কোচ অ্যান্টনি বারিকে রীতিমতো টপকে রোনাল্ডোর কাছে পৌঁছেও গেলেন!
আগামী ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করবে পর্তুগাল।












Click it and Unblock the Notifications