Premier League: দুরন্ত জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল, গোলশূন্য ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের
Premier League: প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল লিভারপুল। লুইস দিয়াজের জোড়া গোলে বোর্নমাউথকে ৩-০ গোলে হারানোর সুবাদে।
প্রথমার্ধেই তিনটি গোল পেয়ে যায় লিভারপুল। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ৪ মিনিটের মাথায় অবশ্য বোর্নমাউথ এগিয়ে যেতে পারতো। আন্তোইন সেমেনিও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিলেন। যদিও ভিএআর প্রযুক্তির সাহায্যে নিয়ে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করে দেন রেফারি। তাতে স্বস্তি পায় লিভারপুল।
নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল লিভারপুলকে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানকে হারানোর পর শনিবার বোর্নমাউথকে হারিয়ে সমালোচকদেরও জবাব দিল লিভারপুল। এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটিকে টপকে লিগশীর্ষেও চলে গেল তারা।
লুইস দিয়াজ ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন। ২৬ ও ২৮ মিনিটে করা তাঁর গোল বোর্নমাউথের সমস্যা বাড়িয়ে দেয়। ৩৭ মিনিটে লিভারপুলের তৃতীয় গোলটি করেন ডারউইন নুনেজ। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি। আর্নে স্লটের প্রশিক্ষণাধীন লিভারপুল লিগে পঞ্চম ম্যাচে চতুর্থ জয়টি ছিনিয়ে নিল।
লিভারপুলের পয়েন্ট ৫ ম্যাচে ১২। ম্যানচেস্টার সিটির ৪ ম্যাচে ১২। তিনে থাকা অ্যাস্টন ভিলা ৫ ম্যাচে রয়েছে ১২ পয়েন্ট। অ্যাস্টন ভিলা ৩-১ গোলে শনিবার হারিয়েছে উলভসকে। ২৫ মিনিটে ম্যাথেউজ কুনহার গোলে এগিয়ে গিয়েছিল উলভস। যদিও ৭৩ মিনিটে অলি ওয়াটকিন্স, ৮৮ মিনিটে এজরি কনসা ও ইনজুরি টাইমে জন ডুরানের গোলে জয় পায় অ্যাস্টন ভিলা।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। একাধিক গোলের সুযোগ নষ্ট করে এরিক টেন হ্যাগের দল। প্রথমার্ধে আলেহান্দ্রো গার্নাচোর শট পোস্টে প্রতিহত হয়। ফিরতি বলে ব্রুনো ফার্নান্দেজের প্রয়াসেরও ফলও একই দাঁড়ায়। দুই দলের গোলকিপার কয়েকটি ভালো সেভ করে নিজেদের দলকে বাঁচান। ম্যান এই এই মুহূর্তে ১১ নম্বরে।













Click it and Unblock the Notifications