বকেয়া মেটাতে ইস্টবেঙ্গলকে নির্দেশ ফেডারেশনের, সময়ের মধ্যে মেটাতে না পারলে অপেক্ষা করছে কড়া শাস্তি
বকেয়া মেটাতে ইস্টবেঙ্গলকে নির্দেশ ফেডারেশনের, সময়ের মধ্যে মেটাতে না পারলে অপেক্ষা করছে কড়া শাস্তি
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। চলতি আইএসএল-এ একটি ছাড়া কোনও ম্যাচে জয় পায়নি লাল-হলুদ। দিনের পর দিন হার দেখতে দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি ইস্টবেঙ্গল প্রেমী আজ ক্লান্ত। এ বার মাঠের বাইরেও বিপাকে পড়ল লাল-হলুদ।

বুধবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি'র তরফ থেকে অতি শীঘ্র সাত ফুটবলারের বকেয়া মোট ১.৪২ কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। সর্বাধিক ৪৫ দিন সময়সীমা দেওয়া হয়েছে প্লেয়ার্স স্ট্যাটস কমিটির তরফ থেকে। এর মধ্যে বকেয়া মেটাতে না পারলে আগামী তিনটি ট্রান্সফার উইন্ডোয় নতুন ফুটবলার সই করাতে পারবে না শতাব্দীপ্রাচীন ক্লাব।
এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এবং ফুটবলারদের মধ্যে চুক্তি সংক্রান্ত সমস্যার কারণে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয় কেভিন লোবো, কিগান পেরেরা, রিনো অ্যান্টো, সিকে বীনিথ, গিরিক খোসলা, ইউজেংসন লিংডো এবং অনিল চৌহান। এই সাত ফুটবলারকে ২০২০ মরসুমে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ওই বছরই সেপ্টেম্বর লাল-হলুদের দায়িত্ব নেয় হরিমোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টস। কিন্তু এখনও এই সাত ফুটবলারের বকেয়া টাকা না ক্লাব মিটিয়ে না শ্রী সিমেন্টস সমস্যা সমাধা উদ্যোগী হয়েছে।
এই সাত ফুটবলারের মধ্যে সর্বাধিক ৪১ টাকা বাকেয়া রয়েছে কেভিন লোবোর। এছাড়া রিনো অ্যান্টোর বকেয়া রয়েছে ২৬ লক্ষ টাকা, বিনিথ এবং লিংডোর ২১ লক্ষ টাকা করে বাকি রয়েছে। পেরেরা ইস্টবেঙ্গলের থেকে পাবে ১৬.৮০ লক্ষ টাকা, অনিল চৌহানের বকেয়া প্রাপ্য ১০.২৮ লক্ষ টাকা এবং গিরিক খোসলার বকেয়া রয়েছে ৬.৩০ লক্ষ টাকা। এই মুহূর্তে ইস্টবেঙ্গল দু'টি কাজ করতে পারে। এক, নির্দেশ মতো বকেয়া মিটিয়ে দেওয়া এবং দুই, এআইএফএফ-এর আপিল কমিটির কাছে আবেদন করা, যদিও তা খুব কাজে আসবে না। ১৮ নভেম্বর এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন ইস্টবেঙ্গলের মুখ্য আধিকারিক শিবাজি সম্মাদ্দার তিনি এক মাস সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু সময় বেরিয়ে গেলেও সমস্যা যেই তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে রইল।












Click it and Unblock the Notifications