AIFF: সুনীলের বিকল্প খোঁজাই চ্যালেঞ্জ, ভারতীয় ফুটবলের উন্নতিতে কী পরিকল্পনা মার্কুয়েজের?
ইগর স্টিম্যাচ অধ্যায় শেষ হওয়ার পর ভারতীয় ফুটবলে শুরু হতে চলেছে মানোলো মার্কুয়েজ যুগ। ভারতীয় সিনিয়র ফুটবল দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজকে। কয়েক সপ্তাহ আগেই তাঁর নাম ঘোষণা করা হয়েছিল ফেজারেশনের পক্ষ থেকে। রবিবার জাতীয় দলের কোচ হওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন স্প্যানিশ কোচ।
মার্কুয়েজের প্রথম সাংবাদিক সম্মেলনেই ঘুরে ফিরে এল সুনীল ছেত্রী প্রসঙ্গ। জাতীয় দল থেকে কয়েক মাস হল অবসর গ্রহণ করেছেন। কিন্তু এখনও ভারতীয় ফুটবল দলে কতটা প্রাসঙ্গিক সুনীল তা প্রমাণিত হল মার্কুয়েজের প্রথম প্রেস মিটেই। ভারতীয় দলে সুনীল ছেত্রীর বিকল্প খুঁজে আনাই যে তাঁর কাছে বড় চ্যালেঞ্জ তা জানাতে ভুল করলেন না নতুন কোচ।

সুনীলের বিকল্প প্রসঙ্গে নতুন কোচ বলেছেন, জাতীয় দলে ৯০টির বেশি গোল করতে পারে এমন একজন খেলোয়াড় খুঁজে পাওয়া খুবই কঠিন। আমাদের শুধু সুনীল ছেত্রীর বদলি খুঁজলেই হবে না, দলের প্রয়োজন অনুসারে খেলতে পারবে এমন সঠিক খেলোয়াড় খুঁজে বের করতে হবে। আমাদের তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি পর্যায়ে উন্নতি করতে হবে।'
ভারতে কয়েক মরশুম আছে, ভালোই জানেন এখানকার ক্রিকেটের কথা। মার্কুয়েজ জানিয়েছেন, ভারতের একটি খুব ভাল দল আছে কিন্তু ক্রিকেট ছাড়াও আরও খেলাধুলায় ভারতের শীর্ষ দল থাকা দরকার। আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে হবে।
তাঁর কথায়, "আমাদের তৃণমূল থেকে জাতীয় স্তর পর্যন্ত ফুটবলের সব বিভাগেই উন্নতি করতে হবে। ভারতীয় ক্রিকেট দল অত্যন্ত ভালো। কিন্তু ভারতকে ক্রিকেট ছাড়াও আরও খেলাধুলায় শীর্ষ দল থাকতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে প্রতিভাবান খেলোয়াড়দের।"
একসময় ভারত ফিফার ক্রম তালিকায় প্রথম ১০০ নম্বরে ছিল, ভারত এখন ১২৪ তম অবস্থানে নেমে গেছে। ক্রম তালিকাতেও উন্নতি করতে হবে।
ফেডারেশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে শুধু ভারতীয় দল নয়, একই সঙ্গে ২০২৪-২৫ মরশুমে তিনি এফসি গোয়ার দায়িত্বও সামলাবেন।মানোলো ইতিমধ্যেই সেপ্টেম্বরে জাতীয় দলের সঙ্গে তাঁর প্রথম অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
গত আইএসএলেই এফসি গোয়াতে যোগ দেন মার্কুয়েজ। তার আগে হায়দরাবাদ এফসিকে কোচিং করিয়েছেন। ২০২২ সালে তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। দু-বার আইএসএল শিল্ড জয়ের দৌড়েও ছিলেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল।












Click it and Unblock the Notifications