Nations League: নেশনস লিগে সুইস বধ সারল অপরাজেয় স্পেন, ব্রায়ানের গোলে রুদ্ধশ্বাস জয়
Nations League: নেশনস লিগে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল স্পেন। যার সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষস্থান বজায় রাখল স্প্যানিশ আর্মাডা।
৯০ মিনিট অবধি ম্যাচ ছিল ২-২। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রায়ান জারাগোজার গোলে তিন পয়েন্ট সুনিশ্চিত হয় স্পেনের।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখেই খেলতে থাকে স্পেন। অ্যালেক্স গ্রিমাল্দোর শট দারুণভাবে রুখে দেন সুইস গোলকিপার ইভোন মোভোগো। এ ছাড়াও সুইস রক্ষণভাগকে বেকায়দায় ফেলেও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আলভারো মোরাতা।
ম্যাচের সময় আধ ঘণ্টা পার করে ফেলার পর স্পেন পেনাল্টি পায়। রিকার্ডো রদ্রিগেজ বক্সের মধ্যে মোরাতাকে ফেলে দেওয়ায়। ঘরের মাঠে পেনাল্টি মারতে পাঠানো হয় পেদ্রিকে। যদিও তাঁর শট রুখে দেন মোভোগো, তবে বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি।
বল পেয়ে যান নিকো উইলিয়ামস। তাঁর শট সুইস ডিফেন্সে প্রতিহত হয়। যদিও শেষ অবধি লুই দে লা ফুয়েন্তের দল কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় এরপরই। সুইৎজারল্যান্ডের ডিফেন্ডাররা বল পুরোপুরি বিপন্মুক্ত করতে পারেননি। ফলে বল পেয়েই তা জালে জড়ান ইয়েরেমি পিনো।
বিরতিতে স্পেন এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ম্যাচের ৬৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় সুইৎজারল্যান্ড। পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে নেমেই সুইসদের সমতা ফেরাতে সাহায্য করেন জোয়েল মন্তেইরো। ৬৮ মিনিটে ব্রায়ান গিলের গোলের সৌজন্যে ফের এগিয়ে যায় স্পেন।
৮৫ মিনিটে পেনাল্টি থেকে অ্যান্ডি জকিরি গোল করায় ফের সমতা ফেরায় সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ড পেনাল্টি আদায় করতে পেরেছিল যে ভিনসেন্ট সিয়েরোর সৌজন্যে, তিনিই ইনজুরি টাইমে মারাত্মক ভুল করে বসেন। জারাগোজাকে বক্সের ভিতর ফাউল করায়। পেনাল্টি থেকে জারাগোজাই গোল করে স্পেনের জয় সুনিশ্চিত করেন।
গ্রুপ এ-তে অপরাজেয় থেকেই অভিযান শেষ করল স্পেন। ৬ ম্যাচে মধ্যে তারা জিতেছে পাঁচটি ম্যাচ, ড্র ১টি। ১৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। ডেনমার্ক ৬ ম্যাচে ৮ নিয়ে দুইয়ে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারেই রইল সুইৎজারল্যান্ড।













Click it and Unblock the Notifications