বার্সা মেসিকে ছাড়তেই ক্ষিপ্ত আগুয়েরো, পিএসজি-র পাশাপাশি মেক্সিকোর ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব
বার্সেলোনা লিওনেল মেসিকে ধরে রাখতে না পারার পর থেকেই বিশ্ব ফুটবলে জোর চর্চা শুরু হয়েছে লিওনেল মেসিকে। আর্জেন্তিনার অধিনায়ক এরপর কোন ক্লাবে যোগ দেবেন তারই প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা। বার্সা ভক্তরা চূড়ান্ত হতাশ হলেও বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেছেন, ক্লাবকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া রাস্তা ছিল না। মেসির বার্সা-র সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজি-র নাম। তবে অবিশ্বাস্যভাবে সেই তালিকায় যোগ হয়েছে মেক্সিকোর এক ক্লাবের নাম।

ম্যান সিটি আগ্রহী নয়
লিওনেল মেসি আর পেপ গুয়ার্দিওলার ফের যুগলবন্দির জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার। গুয়ার্দিওলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসিকে নেওয়ার কোনও ভাবনা তাঁদের এখনও অবধি নেই। বার্সায় ২০০৮ থেকে ২০১২ অবধি পেপের কোচিংয়ে খেলেছেন লিও মেসি। দু-বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব-সহ বহু ট্রফিও বার্সা জেতে সেই সময়কালে। আর্থিক প্রতিবন্ধকতা ও লা লিগার নিয়মে ক্লাবকে বাঁচাতে লাপোর্তা ইচ্ছা থাকলেও এবং মেসি ক্লাবের সঙ্গে চুক্তিতে সই করতে চাইলেও তা সম্ভব হয়নি। বার্সাকে অনেকটা এগিয়েও যেভাবে পিছু হঠতে হয়েছে এবং মেসির সঙ্গে বার্সার সম্পর্ক ছিন্ন হয়েছে, তা অবাক করেছে গুয়ার্দিওলাকে। তিনি জানিয়েছেন, এরপর আর মেসির সঙ্গে তাঁর কোনও কথাও হয়নি। তবে গুয়ার্দিওলা বলেন, মেসিকে এখনও তিনি আগের মতোই ভালোবাসেন। বার্সায় তাঁর অবদান ভোলার নয়। কেরিয়ারের শেষ কয়েক বছর মেসি ভালো খেলুন, এমন শুভেচ্ছাও জানিয়েছেন পেপ। ইতিমধ্যেই তাঁর দল ব্রিটিশ ক্লাবগুলির মধ্যে রেকর্ড ট্রান্সফারে সই করিয়েছে জ্যাক গ্রিলিশকে, ১০০ পাউন্ডের বিনিময়ে হয়েছে চুক্তি। হ্যারি কেনও রয়েছেন পেপের পছন্দের তালিকায়।

মেক্সিকোর ক্লাবের অবাক প্রস্তাব
এরই মধ্যে বিশ্ব ফুটবলকে অবাক করে দিয়ে এক অবিশ্বাস্য ইচ্ছার ঘোষণা করেছেন মেক্সিকোর ক্লাব মাজাতলানের প্রেসিডেন্ট সালিনাস পিয়েগো। মেসিকে নিতে তিনি ঝাঁপাবেন কিনা সে ব্যাপারে সমর্থকদের জনমত জানতে সমীক্ষাও শুরু করেছেন তিনি। সেই সমীক্ষা চলাকালীন একজন মেসিকে সই করানোর বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করলে মেক্সিকোর অন্যতম ধনী ব্যবসায়ী মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করানোর জন্য প্রয়োজনীয় অর্থ তাঁর রয়েছে। সিনালোয়ার এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছে গত বছর। লিগা এমএক্স অভিষেকে ১৪তম স্থানে ছিল মাজাতলান। চলতি বছর প্রথম দুটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।

পিএসজি-র পথে?
এরই মধ্যে জানা গিয়েছে, লিওনেল মেসি ইতিমধ্যেই পিএসজি-র প্রস্তাব পেয়েছেন। তাঁর পিএসজি-তেই যোগদানের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে মেসি-নেইমারকে ফের পাশাপাশি খেলতে দেখা যাবে। দুই বছরের চুক্তি হতে চলেছে বলেই খবর। তবে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের এই দলে যোগ দিলে মেসি প্রতি মরশুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন বলেও জানা যাচ্ছে। এরই মধ্যে হামেস রদ্রিগেজ চান মেসি জুভেন্তাসে যান। সেক্ষেত্রে মেসি-রোনাল্ডো যুগলবন্দি ফুটবলপ্রেমীদের কাছে অসাধারণ পাওনা হবে।

ক্ষিপ্ত আগুয়েরো
মেসি বার্সার হাতছাড়া হওয়ায় এবার ক্লাব ছাড়তে চাইছেন মেসির জাতীয় দলের সতীর্থ সার্হিও আগুয়েরো। মেসির সঙ্গে খেলতে পারবেন এই আশাতেই তিনি বার্সায় এসেছিলেন। জানা গিয়েছে, মেসিকে বার্সা ধরে না রাখতে পারায় আগুয়েরো ক্ষিপ্ত। এ বছরই সই হওয়া চুক্তি ছেড়ে কীভাবে তিনি বেরিয়ে আসতে পারেন সে ব্যাপারটি খতিয়ে দেখতেও তাঁর আইনজীবীদের বলেছেন আর্জেন্তিনার এই স্ট্রাইকার। তবে বার্সায় যোগ দিতে পারেন পর্তুগালের মিডফিল্ডার রেনাতো সাঞ্চেস।












Click it and Unblock the Notifications