ইতালির ১৯৮২-র বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসি আর নেই, ফুটবল বিশ্বে শোক
ইতালির ১৯৮২-র বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসি আর নেই
ইতালির ১৯৮২-এর বিশ্বকাপজয়ী দলের নায়ক পাওলো রোসি আর নেই। মাত্র ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যে ইতালীয় টিভি চ্যানেলে তিনি ফুটবল বিশেষজ্ঞ এবং বিশ্লেষকের কাজে নিযুক্ত ছিলেন, বৃহস্পতিবার সেই আরএআই স্পোর্টের তরফে দুঃসংবাদ প্রচার করা হয়েছে। সেই খবর সত্যতা জানান দেন রোসির স্ত্রী কাপলট্টি ফেডরিকা। কিংবদন্তি সঙ্গে নিজের একটি পুরনো ইনস্টাগ্রামে পোস্ট করে স্বামীকে বিদায় জানিয়েছেন তিনি।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ইতালিকে চ্যাম্পিয়ন করার নায়ক ছিলেন পাওলো রোসি। টুর্নামেন্টের ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়েছিলেন আজুরিরা। জয়ী দলের হয়ে প্রথম গোলই করেছিলেন রোসি। ওই বিশ্বকাপেই ব্রাজিলের বিরুদ্ধে তাঁর সোনা দিয়ে বাঁধানো হ্যাটট্রিক মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল ফুটবল প্রেমীদের। সেই স্মৃতি অমলিন আজও। সেই বিশ্বকাপ একই সঙ্গে সোনার বুট এবং সোনার বল জিতেছিলেন পাওলো রোসি। সে বছর ফুটবল বিশ্বের সর্বোচ্চ সম্মান ব্যালন ডি'অরও জিতেছিলেন ইতালীয় কিংবদন্তি।
যদিও বিতর্ক নাড়া দিয়েছে পাওলো রোসির ফুটবল কেরিয়ারকেও। ১৯৮০ সালে তাঁকে বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে তিন বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। নিজেকে নির্দোষ প্রমাণ করলে রোসির শাস্তির মেয়াদ এক বছর কমিয়ে দেওয়া হয়। ২৫ বঠর বয়সে জুভেন্তাসে সই করেন পাওলো। তাঁর বুটের ছোঁয়ায় দুই বার সিরি এ খেতাব জেতে ওই ইতালীয় ক্লাব। ১৯৮৪ সালে জুভন্তাসের ইউরোপীয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোসি। পরে এসি মিলানের জার্সিতেও মাঠ কাঁপান কিংবদন্তি।
জুভেন্তাসের হয়ে ৮৩টি ম্যাচ খেলে ২৪টি গোল করেছেন পাওলো রোসি। এসি মিলানের হয়ে দুটি গোল করেছেন কিংবদন্তি। ইতালির জার্সিতে ৪৮টি ম্যাচ খেলে ২০টি গোল করেছেন পাওলো রোসি। ১৯৮৬ সালে আন্তর্জাতিক এবং ১৯৮৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ইতালীয় গ্রেট। কিংবদন্তি দিয়োগো মারাদোনার মৃত্যুর দুই সপ্তাহ অন্তর রোসির প্রয়াণে শোকে বিহ্বল হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছন প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা।












Click it and Unblock the Notifications