কোভিডের কারণে স্থগিত হয়ে গেল কেরল ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ
কোভিডের কারণে স্থগিত হয়ে গেল কেরল ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ
কোভিডের কারণে ফের স্থগিত হয়ে গেল আইএসএল-এর আরও একটি ম্যাচ। রবিবার ম্যাচ শুরু কিছু ঘণ্টা আগে তা স্হগিত ঘোষণা করে আইএসএল কর্তৃপক্ষ। রবিবার ভাস্কোর তিলক ময়দানে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বই সিটি এফসি'র। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে একের পর এক কেরলের ফুটবলার কোভিড-১৯-এ সংক্রমিত হওয়ায় এই ম্যাচ স্থগিত করা হয়েছে।

আইএসএল-এর তরফ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "লিগের মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের জন্য পর্যাপ্ত ফুটবলার হাতে নেই কেরল ব্লাস্টার্সের। ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ লিগের সঙ্গে জড়িত প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার জন্য মেডিক্যাল এক্সপার্টদের সঙ্গে মিলিত ভাবে কাজ করবে লিগের আধিকারিকরা।"
কোভিডের কারণে শনিবারও বাতিল হয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ। এর আগে স্থগিত হয়েছিল এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ। কোভিড-১৯-এর কারণে চলতি মরসুমে এই নিয়ে তৃতীয় ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান সুপার লিগের আয়োজকরা। এটিকে মোহনবাগান শিবিরের পাঁচ জন ফুটবলারের শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে এবং তাঁরা শেষ ছয় দিন নিভৃতবাসে রয়েছে। এটিকেএমবি এবং কেরল ব্লাস্টার্স ছাড়াও ওড়িশা এফসি'র শিবিরের কোভিড পজিটিভ দেখা গিয়েছে। সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গল দলের এক ফুটবলার কোভিড আক্রান্ত হয়েছেন।
সোমবার আইএসএল-এর ম্যাচ রয়েছে জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হওয়ার কথা হায়দরাবাদ এফসি এবং জামশেদপুর এফসির। অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। এই মুহূর্তে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। অপর দিকে, তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি'র পয়েন্ট ১৭। নিমাজ শহরের দলটিও ১১টি ম্যাচ খেলেছে। পরের পর ম্যাচ হেরে শীর্ষ স্থান হারিয়েছে মুম্বই সিটি এফসি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। শীর্ষ স্থানে থাকা কেরল ব্লাস্টার্সের সংগ্রহ ১১ ম্যাচে ২০ পয়েন্ট।












Click it and Unblock the Notifications