ISL 2024-25: আইএসএল এবার আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশ্বাস শুভাশিস-ক্লেটনদের
ISL 2024-25: মহমেডান স্পোর্টিং আসায় এবার থেকে আইএসএল ১৩ দলের। ত্রয়োদশ দল হিসেবে আইএসএল খেলার ছাড়পত্র পাওয়া মহমেডানকে স্বাগত জানাল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।
এই প্রথম আইএসএলে থাকছে কলকাতার তিন প্রধান। এই টুর্নামেন্টে দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলেই বিশ্বাস শুভাশিস বোস, ক্লেটন সিলভার।

মোহনবাগান সুপার জায়ান্ট এবার নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। এতদিন আইএসএলে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বিই হচ্ছিল। এবার মহমেডান আসায় বাড়বে বড় ম্যাচের সংখ্যাও। বাগান অধিনায়ক শুভাশিস বোস এই বিষয়ের প্রতি আলোকপাত করেছেন।
শুভাশিসের কথায়, এবার কলকাতার তিন প্রধান দল থাকছে আইএসএলে। ফলে আরও ডার্বি হবে, এটা ভেবে আমি উত্তেজনা অনুভব করছি। বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি বাংলার আরেকটি ক্লাব আইএসএলে আসায়। আমি নিশ্চিত লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়বেই। ভালো মানের ফুটবল দেখা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন আইএসএল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে।
মহমেডান এবারের আইএসএলে অনেক দলকেই শক্ত চ্যালেঞ্জ ছুড়বে বলে বিশ্বাস লাল হলুদ অধিনায়ক ক্লেটনের। তিনি বলেন, এশিয়ান ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতা ডার্বি। আমি সেই ম্য়াচে শান্ত থাকারই চেষ্টা করি। বেশি কিছু ভাবি না। দর্শকদের সমর্থনের মধ্যেই ম্যাচ খেলাটা উপভোগ করি।
ক্লেটন বলেন, মহমেডানও খুব ভালো দল। গত বছর আই লিগ জিতেছে। ফলে তারাও চাইবে না পিছিয়ে থাকতে। তারাও আমাদের বিরুদ্ধে লড়াই চালাবে। স্পেশ্যাল কিছু নিশ্চিতও করে ফেলতে পারে তারা।
মহমেডান অধিনায়ক সামাদ আলি মল্লিক বলেন, প্লে-অফে ওঠাই আমাদের প্রাথমিক লক্ষ্য। দারুণ টুর্নামেন্টে আমরা খেলতে নামছি প্রথমবার। ফলে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথম ছয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমরা এগোতে থাকব। ভারতীয় ফুটবলের সেরা দলগুলির বিরুদ্ধে আইএসএলে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ অক্টোবর সবুজ মেরুন খেলবে মহমেডানের বিরুদ্ধে। ১৯ অক্টোবর রয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট দ্বৈরথ।












Click it and Unblock the Notifications