ISL 2023-24: আইএসএলে চেন্নাইয়িনের কাছে হার ওডিশার, জমে গেল সুপার সিক্সে ওঠার লড়াই
ISL 2023-24: আইএসএলে এবার প্লে-অফে থাকছে সুপার সিক্স। সেই সুপার সিক্সে ষষ্ঠ জায়গাটি দখলের লড়াই ক্রমেই জমে উঠছে। আজ যেমন দৌড়ে ভালোভাবেই চলে এলো চেন্নাইয়িন এফসি।
চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি চমক দিল লিগশীর্ষে থাকা ওডিশা এফসিকে হারিয়ে। যার ফলে অনেকটাই সুবিধা হলো মোহনবাগান সুপার জায়ান্টের। ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল চেন্নাইয়িন।

ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে ওডিশা এফসি ও মুম্বই সিটি এফসি। আজ ওডিশা এফসিকে ২-১ গোলে হারিয়ে দিল চেন্নাইয়িন এফসি। ৬ মিনিটে অঙ্কিত মুখোপাধ্যায়ের গোলে চেন্নাইয়িন এগিয়ে গিয়েছিল। বিরতিতে এই ১ গোলেই এগিয়ে ছিল তারা।
৭৮ মিনিটে রয় কৃষ্ণর গোলে সমতা ফেরায় ওডিশা এফসি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করে চেন্নাইয়িনকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিতে বড় অবদান রাখেন জর্ডন মারে। এই জয়ের ফলে চেন্নাইয়িন এফসির হলো ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট। রয়েছে দশম স্থানে।
নয়ে থাকা ইস্টবেঙ্গলেরও ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট। ইস্টবেঙ্গলের গোলপার্থক্য যেখানে ১, সেখানে চেন্নাইয়িনের মাইনাস (-) ৯। ফলে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকলেও লাল হলুদের উপর চাপ বাড়াল চেন্নাইয়িন। ওডিশার ১৮ ম্যাচে ৩৫। মুম্বই সিটি এফসির রয়েছে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট।
মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্য ওই দুই দলকেই টপকে শীর্ষে চলে যেতে পারে। বাগানের রয়েছে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। মোহনবাগান সুপার জায়ান্টে প্লে-অফে পৌঁছনো স্রেফ সময়ের অপেক্ষা। চারে থাকা এফসি গোয়ার ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট, কেরালা ব্লাস্টার্স এফসির ২৯ পয়েন্ট, ১৭ ম্যাচ খেলে।
ফলে গোয়া ও কেরলের ফ্র্যাঞ্চাইজি রয়েছে সুবিধাজনক জায়গাতেই। আপাতত ষষ্ঠ স্থানে বেঙ্গালুরু এফসি। তাগদের ১৮ ম্যাচে রয়েছে ২১ পয়েন্ট। জামশেদপুর এফসি ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি অষ্টম স্থানে রয়েছে, ইস্টবেঙ্গলের ঠিক আগে। ফলে শেষ ল্যাপে ষষ্ঠ স্থানের দখল কারা নেয় সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।












Click it and Unblock the Notifications