আইএসএল ২০২০-২১ : জামশেদপুরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচেও হেরে মাঠ ছাড়ল ওড়িশা, ফলাফল ১-০
আইএসএল ২০২০-২১ : জামশেদপুরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচেও হেরে মাঠ ছাড়ল ওড়িশা, ফলাফল ১-০
শক্তিশালী জামশেদপুর এফসি-র বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও হেরেই মাঠ ছাড়তে হল লড়াকু ওড়িশা এফসি-কে। খেলার ফল ১-০। এটি নিয়ে টুর্নামেন্টে মোট আটটি ম্যাচ হারল দিয়েগো মউরিসিও শিবির। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ একাদশ স্থানেই পড়ে রইল ওড়িশা এফসি। অন্যদিকে ১৫ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি।

ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। জামশেদপুর এফসি আক্রমণে গতি যত বাড়িয়েছে, প্রতি আক্রমণে উঠে ততবারই ওয়েন কোয়েলের দলকে বিপদে ফেলেছে ওড়িশা এফসি। একাধিকবার গোলের কাছে পৌঁছে যায় দুই দল। কখনও গোলরক্ষক তো কখনও ডিফেন্ডারদের দক্ষতায় নিশ্চিত পতনের হাত থেকে বাঁচে জামশেদপুর ও ওড়িশা।
ম্যাচের ৪০ মিনিটে ওড়িশা এফসি-র বক্সের বইরে ফ্রি কিক পেয়ে যায় জামশেদপুর এফসি। মোবাশির রহমানের তির্যক স্পট কিক পড়তে ভুল করেন ওড়িশা এফসি-র গোলরক্ষক বিশাল কেইথ। ফলে ১ গোলে এগিয়ে যায় জামশেদপুর। প্রথমার্ধের অবশিষ্ট পাঁচ মিনিটে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালায় ওড়িশা। তবু সফলতা আসেনি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে জামশেদপুর এফসি।
গোল শোধ দিতে মরিয়া ওড়িশা এফসি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে গতি বাড়ায়। পাল্টা হিসেবে গতিশীল ফুটবলই খেলতে শুরু করে জামশেদপুর এফসি। লেন ডঙ্গল, অ্যালেক্সের বেশ দূর্দান্ত দক্ষতায় বাঁচান ওড়িশা এফসি-র গোলরক্ষক বিশাল কেইথ। অন্যদিকে ম্যাচের ৭০ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান ওড়িশার পল রামপাংজাউভা। কিন্তু তিনি একটুর জন্য তেকাঠি চিনতে ভুল করেন। দ্বিতীয়ার্ধে এমন বহু সহজ গোলের সুযোগ নষ্ট করেন দুই দলের ফুটবলাররা।
ম্যাচে ৫০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে জামশেদপুর এফসি ও ওড়িশা এফসি। গোলমুখে ২৩টি শট মারলেও মাত্র ৫টি টার্গেটে রাখতে পারে জামশেদপুর এফসি। অন্যদিকে ৯টি শটের একটি টার্গেটে রাখতে পেরেছে ওড়িশা এফসি।












Click it and Unblock the Notifications