Intercontinental Cup: মরিশাসকেও হারাতে পারল না ভারত, গোলশূন্য ড্র দিয়ে শুরু মানোলো-জমানা
Intercontinental Cup: মানোলো মার্কুয়েজ ভারতের হেড কোচ হওয়ার পর আজই ভারত প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। হায়দরাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপে।
ফিফার দলগত ক্রমতালিকায় ভারত রয়েছে ১২৪ নম্বরে। মরিশাসের অবস্থান ১৭৯। সেই মরিশাসকেও এদিন হারাতে পারল না ভারত। ম্যাচ শেষ হলো গোলশূন্যভাবেই।

হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে বল দখলের নিরিখে অনেকটাই এগিয়ে ছিল ভারত। কিন্তু দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ৯০ মিনিটের মধ্যে দুই দলই একটি করে বল গোলে শট নিতে পেরেছে। তবে গোল হয়নি।
রক্ষণভাগ জোরদার করেই এই ম্যাচ থেকে এক পয়েন্ট আদায় করে নিল মরিশাস। ভারত তিন পয়েন্ট দখলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল। ৬ সেপ্টেম্বর মরিশাসের বিরুদ্ধে খেলবে সিরিয়া। ৯ সেপ্টেম্বর ভারত-সিরিয়া ম্যাচ। সিরিয়া এই মুহূর্তে বিশ্বের ৯৩ নম্বর দল।
১৬ বছর পর হায়দরাবাদে ভারতীয় দলের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। যখনই ভারতীয়রা পাস খেলছিলেন নিজেদের মধ্যে, দর্শকরা গলা ফাটিয়ে উৎসাহিত করছিলেন। ৬ মিনিটে অনিরুদ্ধ থাপার কর্নার মনবীর সিংয়ের মাথার পিছনে লেগে চিংলেসানা সিংয়ের কাছে যায়। যদিও তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
রক্ষণ আগলে প্রতি-আক্রমণে যাওয়ার কৌশল নেয় মরিশাস। জর্ডন ফ্রাঙ্কোইস ভারতীয় রক্ষণকে সমস্যায় ফেলার চেষ্টা চালাতে থাকেন। আশিস রাই, লালেংমাউইয়াদের ভুলে গোল করার সুযোগ মরিশাস পেলেও কাজে লাগাতে পারেনি।
৩৫ মিনিটে অনিরুদ্ধ থাপার থেকে বল পেয়ে গোল করার পরিস্থিতি তৈরি করেছিলেন মনবীর সিং। কিন্তু গোলকিপার জিন-লুইসকে পরাস্ত করতে পারেননি। এর মিনিট দুয়েক পর মরিশাস তাদের সেরা সুযোগ নষ্ট করে। ডাইলান কোলার্ডের থেকে বল পেয়ে এমানুয়েল ভিনসেন্টের নেওয়া শট ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়।
বিরতির কিছু আগে আরেকটি সুযোগ নষ্ট করেন থাপা ও মনবীর। বিরতির পর সাহাল আবদুল সামাদ ও নন্দকুমার সেকারকে নামিয়ে গোল আদায়ের চেষ্টা করেন মানোলো মার্কুয়েজ। যদিও এই কৌশলেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর সামান্য পরেই ছাংতের ক্রস দু-বারের প্রয়াসে বিপন্মুক্ত করেন মরিশাসের গোলকিপার।
এরপর মরিশাসও গোল করার জন্য ভালো প্রয়াস চালাতে থাকে। তবে মরিশাসের ফিনিশিংয়ের দুর্বলতা যেমন লক্ষ্য করা গিয়েছে, এই সময়কালে ভারতীয় রক্ষণভাগও ভালো খেলেছে। ম্যাচের শেষ ১৫ মিনিটে আবার আধিপত্য ছিল ভারতের।
সুরেশ সিং ওয়াংজাম ও শুভাশিস নামায় ভারতের খেলায় প্রাণশক্তির সঞ্চার হয়। ৭৯ মিনিটে নন্দকুমার জায়গা তৈরি করে ছাংতেকে লক্ষ্য করে ক্রস বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু কোলার্ডের সৌজন্যে বল পৌঁছয়নি ছাংতের কাছে। সাহাল, নন্দরা গোল করার চেষ্টা করলেও মরিশাসের ফুটবলাররা বিপদ ঘটতে দেননি। ম্যাচের সেরার পুরস্কার পেলেন মরিশাসের অধিনায়ক তথা ডিফেন্ডার লিন্ডসে রোজ।












Click it and Unblock the Notifications