ফিফা বিশ্বকাপে দাপট ইউরোপের! কোন ক্লাবের কতজন ফুটবলার নামবেন কাতারে?
ফিফা বিশ্বকাপ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। চলবে ১৮ ডিসেম্বর অবধি। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপের বাঁশি বাজার অপেক্ষায় মধ্য প্রাচ্যের দেশ, যারা এই প্রথমবার বিশ্বকাপ আয়োজন করছে। ইতিমধ্যেই চলছে চুলচেরা বিশ্লেষণ। তাতে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারী দেশগুলির বেশিরভাগ ফুটবলারই খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে।
|
ইউরোপীয় ক্লাবগুলির দাপট
কাতার বিশ্বকাপে যে ৮৩০ ফুটবলার বিভিন্ন দলে রয়েছেন, তাঁদের ৭৩ শতাংশই ইউরোপের কোনও না কোনও ক্লাবে খেলেন। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দেশ। তার মধ্যে ইউরোপের দল রয়েছে ১৩টি, যা অংশগ্রহণকারী সব দলের ৪০ শতাংশ। ইউরোপের ক্লাবগুলি চ্যাম্পিয়ন্স লিগ-সহ বিভিন্ন ঐতিহ্যশালী টুর্নামেন্টে সাফল্যের লক্ষ্যে যে দল গড়ে তাতে তারকা বলতে থাকেন বেশিরভাগই ইউরোপের বাইরের দেশের ফুটবলাররা।
|
শেষ চারটি বিশ্বকাপ গিয়েছে ইউরোপেই
আর্জেন্তিনার লিওনেল মেসি যেমন তাঁর পুরো কেরিয়ারটাই কাটাচ্ছেন ইউরোপে। সেনেগালের সাদিও মানে পায়ের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন, তিনিও টিনএজার থাকাকালীন ইউরোপে পা রেখেছিলেন কেরিয়ার গড়ার লক্ষ্যে। নেইমার ২১ বছর বয়সে ব্রাজিল ছেড়েছিলেন বিদেশি ক্লাবে খেলার জন্য। বিদেশি ফুটবলাররা ইউরোপের ফুটবলের মানোন্নয়নেও বড় ভূমিকা রেখেছেন। শেষ চারটি বিশ্বকাপও গিয়েছে ইউরোপেই। ইতালি জিতেছে ২০০৬ সালে, স্পেন ২০১০ সালে, ২০১৪ সালের বিশ্বকাপ জেতে জার্মানি এবং ২০১৮ সালে ফ্রান্স। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ইউরোপের যে দেশগুলি থাকছে সেগুলি হলো- জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড এবং ওয়েলস।
|
কোন ক্লাব থেকে কতজন?
ইউরোপিয়ান ফুটবল কনসালট্যান্টস এলটিটি স্পোর্টসের তথ্য অনুযায়ী, জার্মানির বায়ার্ন মিউনিখের ১৭ জন ফুটবলার কাতারে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। স্পেনের বার্সেলোনা ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি থেকে রয়েছেন ১৬ জন করে ফুটবলার। এ ছাড়া ইউরোপের বাইরের ক্লাব তথা কাতারের চ্যাম্পিয়ন দল আল সাদের ১৫ জন ফুটবলার এবার বিশ্বকাপের দলে ঠাঁই পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের লিগে খেলেন, এমন ৩৫ জন করে ফুটবলার বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নামার প্রতীক্ষায় রয়েছেন।

ইতালির ক্লাবে খেলা ফুটবলাররাও বিশ্বকাপে
আর্জেন্তিনা দলে ইউরোপীয় ক্লাবে খেলা একঝাঁক ফুটবলার রয়েছেন। অধিনায়ক লিওনেল মেসি খেলেন পিএসজিতে। এ ছাড়াও বাকিরা ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলেন। ইতালি এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ইতালির ক্লাবে খেলা ৭০ জন ফুটবলার এবার বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। এ ছাড়াও সাতজন এমন ফুটবলার বিভিন্ন দেশের দলে রয়েছেন যাঁরা খেলেন কাতারের বিভিন্ন ক্লাবে।












Click it and Unblock the Notifications