FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা ও ফ্রান্সের রণকৌশল কী? স্কালোনি ও দেশঁ দিলেন কোন ইঙ্গিত?
ফিফা বিশ্বকাপের ফাইনালে কাল লুসাইল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্তিনা। লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে দুই দলেই রয়েছেন একাধিক তারকা। ফাইনালের আগের দিন দুই দলের কোচই রণকৌশল গোপন রাখতে ব্যস্ত থাকলেন।
|
মুখে কুলুপ স্কালোনির
ফ্রান্সের বিরুদ্ধে কোন ছকে, কাদের একাদশে রেখে দল সাজাবেন সে ব্যাপারে মুখে কুলুপ আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনির। শুধু বললেন, আমরা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছি। যেভাবে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি আঘাত করা যাবে এবং নিজেদের ক্ষতি হবে না, সেভাবেই আমরা খেলব। আমাদের গেমপ্ল্যান রয়েছে। সেটাই ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দল যেমন খেলেছে তেমন কিছুই চাইছেন স্কালোনি। তবে পেনাল্টি শ্যুটআউট অবধি ফাইনালকে কোনওভাবেই টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই আর্জেন্তিনার।
|
মেসির জন্য বিশ্বকাপ চাইছে আর্জেন্তিনা
স্কালোনি এই ফাইনালকে মেসি বনাম এমবাপের দ্বৈরথ হিসেবে ভাবতে নারাজ। তিনি বলেছেন, এমবাপেকে রোখার চেষ্টা সকলকে মিলেই করতে হবে। তবে ফ্রান্স শুধু এমবাপে-নির্ভরই নয়। ফলে সম্মিলিতভাবে ভালো খেলার উপরই ফোকাস রাখতে হবে। এই ম্যাচটি মেসি-এমবাপে দ্বৈরথের চেয়েও অনেক বেশি কিছু। আর্জেন্তিনা বনাম ফ্রান্স দ্বৈরথ হিসেবেই আমি দেখছি। এই ম্যাচের ফলাফল নির্ধারণে অন্য অনেক প্লেয়ারই অবদান রাখতে পারেন। দুই দলেই তেমন অস্ত্র মজুত রয়েছে। আমি চাইব, ম্যাচের ফলাফল আমাদের পক্ষেই আসুক। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্য়াচ কাপ জিতেই স্মরণীয় করে রাখতে চাইছে আর্জেন্তিনা শিবির। স্কালোনির কথায়, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না।
|
লক্ষ্যে স্থির দেশঁ
অনেকেই চাইছেন লিওনেল মেসির হাতে কাপ উঠুক। যদিও এই হাইপকে পাত্তা দিচ্ছেন না দেশঁ। ফরাসি ম্যানেজার বলেন. আমি জানি আর্জেন্তিনা এবং বিশ্বের অনেকেই চাইছেন মেসির হাতে কাপ দেখতে। ফ্রান্সের কিছু মানুষও তাঁর মধ্যে রয়েছেন। তবে আমরা সকলেই আমাদের লক্ষ্যপূরণে সব কিছু করতে প্রস্তুত।
|
অস্বস্তি ফ্রান্সের
আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে অস্বস্তিতে ফ্রান্স শিবির। দলে ভাইরাস হানা সংক্রান্ত আপডেট সাংবাদিক সম্মেলনে দিতে পারেননি ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। ফ্লু বা জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার ফাইনালের আগের দিনেও হোটেলের ঘরে বন্দি। সংখ্যাটা বেড়েছে কিনা সেটাও জানালেন না দেশঁ। ফরাসি ম্যানেজার এই পরিস্থিতির মধ্যেও কাপ জয়ের বিষয়ে প্রত্য়য়ী। করিম বেঞ্জেমার ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে এদিনও তিনি বিরক্তি প্রকাশ করেছেন। সাফ জানিয়েছেন, বেঞ্জেমার পর থিও হার্নান্দেজও চোট পাওয়ায় আমার হাতে ২৪ ফুটবলার রয়েছেন। ফলে চোট পাওয়া প্লেয়ার নন, যাঁরা আছেন তাঁদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। তিনিও চাইছেন কাপ জয়ের ফোকাস যাতে না সরে সে ব্যাপারে সতর্ক থাকতে।












Click it and Unblock the Notifications