Euro Cup 2024: ইউরো কাপে ফের আটকে গেল স্লোভেনিয়া, শেষ লগ্নের গোলে প্রথম পয়েন্ট সার্বিয়ার
Euro Cup 2024: ইউরো কাপের শেষ ১৬-এ ওঠার বিষয়টি ঝুলে রইল স্লোভেনিয়ার। গ্রুপ সি-র ম্যাচে ৯০ মিনিট অবধি এগিয়ে থেকেও ইনজুরি টাইমে গোল হজম করল তারা।
যার ফলে গ্রুপ সি-র স্লোভেনিয়া-সার্বিয়া ম্যাচ শেষ হলো ১-১ গোলে। স্লোভেনিয়া এখনও অবধি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ডেনমার্ক যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তারা নেমে যাবে তিনে।

মিউনিখে স্লোভেনিয়া যখন প্রথমবার জয়ের স্বাদ পাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখনই বিপত্তি। লুকা জোভিচের হেডে স্বপ্নভঙ্গ। যার জেরে সার্বিয়ার পরের পর্বে যাওয়ার পথ কার্যত অসম্ভব হলেও তারা স্লোভেনিয়ার রাস্তা কঠিন করে দিল।
শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে স্লোভেনিয়া। টিমি ম্যাক্স এলসনিকের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ধরে বেঞ্জামিন সেসকো শট নিলেও তা বারের উপর দিয়ে চলে যায়। সার্বিয়াও সুযোগ পেয়েছিল। তবে ইয়ান ওবলাক দুবার রুখে দেন আলেকজান্ডার মিত্রোভিচের প্রয়াস।
দুসান লাজোভিচের হেডও জালে জড়াতে দেননি স্লোভেনিয়ার গোলরক্ষক। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। ৬৯ মিনিটে জান কার্নিকনিকের গোলে এগিয়ে যায় স্লোভেনিয়া। এর একটু পরেই মিত্রোভিচ গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোল পাননি। এ ক্ষেত্রে গোল না হতে দেওয়ার ক্ষেত্রে অবদান ছিল কার্নিকনিকের।
যদিও ম্যাচের শেষ লগ্নে, ইনজুরি টাইমের পাঁচ মিনিটের মাথায় ওবলাককে পরাস্ত করে হেডে গোলে সমতা ফেরান জোভিচ। তিনি ৬৪ মিনিটে পরিবর্ত হিসেবে নেমেছিলেন। সারা ম্যাচে তাঁর নামের পাশে সাতটি টাচ। কিন্তু তিনিই গোল করে স্লোভেনিয়াকে পুরো তিন পয়েন্ট তুলতে দিলেন না। সার্বিয়াকে এনে দিলেন প্রথম পয়েন্ট।
ইউরো কাপে সবমিলিয়ে স্লোভেনিয়া এদিন ষষ্ঠ গোলটি পেল। তাদের চতুর্থ গোল সার্বিয়া বা যুগোস্লাভিয়ার বিরুদ্ধে। ড্রাগনরা কোনও ইউরো ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচে এগিয়ে ছিল। যদিও জয় পেল না। বারবার একই ঘটনা ঘটল তাদের সার্বিয়া বা যুগোস্লাভিয়ার বিরুদ্ধে ম্যাচে। ২০০০ সালে তাদের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল।












Click it and Unblock the Notifications