Euro Cup 2024: ইউরো কাপের শেষ আটে ফ্রান্স, আত্মঘাতী গোলে হারল বেলজিয়াম
Euro Cup 2024: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে দিল ১-০ গোলে। প্রথমার্ধে কোনও গোল হয়নি।
৮৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বেলজিয়ামের ইয়ান ভের্তঘেন। আর সেই গোলই শেষ আটের রাস্তা খুলে দেয় ফরাসি ব্রিগেডের জন্য।

কোয়ার্টার ফাইনালে গেলেও এদিনএ ফ্রান্সের আক্রমণভাগ হতাশ করেছে সমর্থকদের। অন্যদিকে, বেলজিয়ামের রোমেলু লুকাকু, কেভিন ডে ব্রুইনরা গোলের সুযোগ তৈরি করলেও ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানকে পরাস্ত করতে পারেননি।
পরিবর্ত হিসেবে নামা রান্দাল কোলো মুয়ানির শট বিপন্মুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ভের্তঘেন। পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচে যারা জিতবে তাদের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে ফ্রান্সকে।
ফ্রান্স ও বেলজিয়াম- দুই দলকেই এবারের ইউরো কাপে চেনা ছন্দে আক্রমণ করতে দেখা যায়নি। ডুসেলডর্ফে দুই দলই তাই প্রি কোয়ার্টারে শুরু করেছিল বেশ মন্থরভাবেই। প্রথমার্ধে টার্গেটে ছিল শুধু একটিই শট, আন্তোনিও গ্রিজম্যানের প্রয়াস সহজেই বাঁচিয়ে দেন কোয়েন ক্যাস্টিলস।
ফ্রান্সের আদ্রিয়েন রাবিয়োট অকারণে জেরেমি ডোকুকে ফাউল করে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন। যার জেরে তাঁকে কোয়ার্টার ফাইনালে পাবে না ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স আগ্রাসী হওয়ার চেষ্টা করে। বোঝাই যাচ্ছিল, দিদিয়ের দেশঁ বিরতিতে দলকে যে কোনও মূল্যে গোল ছিনিয়ে নেওয়ার বার্তাই দিয়েছেন।
তবু গোল আসছিল না। চুয়ামেনির নীচু শট বাঁচিয়ে দেন ক্যাস্টিলস। কিলিয়ান এমবাপের প্রয়াস বারের উপর দিয়ে চলে যায়। ৬৯ মিনিটে লুকাকুর প্রয়াস বিপন্মুক্ত করে দেন মাইগনান। এর কিছু পরেই তিনি ডে ব্রুউনের দূরপাল্লার শট জালে জড়াতে দেননি।
এমবাপে পোল্যান্ড ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে তাতে এমবাপের গোলের সংখ্যা বেড়ে হয়েছিল ১৩। কিন্তু আজকের ম্যাচে গোল না পেয়ে এমবাপে ছুঁতে পারলেন না মিশেল প্লাতিনির ১৪টি মেজর গোলের রেকর্ড। বেলজিয়াম ম্যাচে তিনি গোলমুখী পাঁচটি শট মারেন, এই টুর্নামেন্টে ১৫টি। কিন্তু একটিতেই তিনি একক প্রচেষ্টায় গোল করতে পারেননি। চলতি টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার ফ্রান্স আত্মঘাতী গোলের সুফল পেল। যদিও ওপেন-প্লে গোল একটিও আসেনি।












Click it and Unblock the Notifications