Durnad Cup 2023: সূচি নিয়ে অসন্তোষ, ডার্বিতে সিনিয়র দল খেলাবে মোহনবাগান?
কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগের পাশাপাশি এবার ডুরান্ডে জুনিয়র দল খেলার প্রাথমিক চিন্তাভাবনা ছিল। কিন্তু ডুরান্ড কাপে কয়েকটি ম্যাচে সিনিয়র দলকে খেলানোর চিন্তাভাবনা শুরু হয়েছে সবুজ মেরুনের অন্দরে। ডুরান্ড কাপকে প্রাক মরসুম প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবেই খেলতে চাইছে মোহনবাগান। অন্তত ডার্বি ম্যাচে সিনিয়র দলকে খেলানোর চিন্তাভাবনা রয়েছে গঙ্গাপাড়ের ক্লাবে।
কিন্তু বাগান শিবিরের ভাবনায় বাঁধ সেধেছে ডুরান্ডের সূচি। যে খসড়া সূচি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বড় ম্যাচ একদিন পিছিয়ে যাচ্ছে। প্রথমে ১১ আগস্ট যুবভারতীতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। কিন্তু খসড়া সূচিতে তা একদিন পিছিয়ে ১২ আগস্ট করা হয়। যা অস্বস্তি বাড়িয়েছে সবুজ-মেরুন শিবিরে।

কারণ, ১৬ আগস্ট এএফসি কাপের খেলা রয়েছে মোহনবাগানের। ডুরান্ড কাপের আয়োজকরা চাইছে মূল দল নিয়েই ঐতিহ্যশালী এই প্রতিযোগিতায় খেলুক আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু ১২ আগস্ট যদি ডার্বি হয়, সে ক্ষেত্রে পরের দিনটা রি-হ্যাব করতেই কেটে যাবে।
এএফসি কাপের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে মাত্র দুই দিন সময় পাবেন কোচ জুয়ান ফেরান্দো। ইতিমধ্যেই মোহনবাগানের পক্ষ থেকে ডুরান্ড কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সূচি নিয়ে তাঁরা যে খুব একটা খুশি নয় তাও জানানো হয়েছে।

সবুজ মেরুন চাইছে ১১ই আগস্ট ঠিক বড় ম্যাচ খেলতে যাতে এএফসি কাপের জন্য তাদের প্রস্তুতির পর্যাপ্ত সময় থাকে । সুচি একান্তই বদল না করলে সেক্ষেত্রে জুনিয়র দলকেই খেলাতে পারে মোহনবাগান। এবার মরসুমের শুরু থেকেই এফসি কাপকে পাখির চোখ করেছে আইএসএল চ্যাম্পিয়নরা। সেইলক্ষ্যে ভালো দলও করেছে মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়নদের এবার একমাত্র লক্ষ্য এশিয়ার সেরা টুর্নামেন্টে ভালো পারফর্ম করা।
মোহনবাগানের পক্ষ থেকে দেওয়া চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে। গতবার টিকিট নিয়ে তাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সেটা উল্লেখ করা হয়েছে। গতবার ডুরান্ডের ডার্বিতে পর্যাপ্ত টিকিট পায়নি মোহনবাগান। এর ফলে সমস্যায় পড়তে হয় তাদের। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে সবুজ মেরুন।

অন্যদিকে ডুরান্ডের সূচি নিয়ে খুশি না ইস্টবেঙ্গলও, তারাও সূচি পরিবর্তনের দাবি তুলেছেন। এখনও পর্যন্ত কলকাতা লিগে মাঠে নামেনি লাল হলুদ। দেরিতে অনুশীলন শুরু করায় দল গুছিয়ে উঠতেও কিছুটা সময় লাগছে বিনো জর্জের।












Click it and Unblock the Notifications