করোনার আবহে আর্জেন্তিনার পরিবর্তে ব্রাজিলে হবে কোপা আমেরিকা, সম্পূর্ণ সূচি প্রকাশ শীঘ্র
আর্জেন্তিনার পরিবর্তে ব্রাজিলে হবে কোপা আমেরিকা, সম্পূর্ণ সূচি প্রকাশ শীঘ্র
মাত্র দুই সপ্তাহ আগে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজক দেশের স্থান পরিবর্তন করল দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বা কনমেবল। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে যে আর্জেন্তিনায় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কলম্বিয়াকেও ছেঁটে ফেলে কেবল ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন করার কথা ঘোষণা করেছে কনমেবল। সোমবার এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে।

আর্জেন্তিনা এবং কলম্বিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, লুইস সুয়ারেজ, কাভানি, গ্যাব্রিয়াল জেসুস, থিয়েগো সিলভার মতো তারকাখচিত ১০ দেশের এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা। সেই দিনই টুর্নামেন্ট শুরু হবে বলে জানিয়েছে কনমেবল। ১০ জুলাইতেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। কেবল আর্জেন্তিনার পরিবর্তে ম্যাচ হবে ব্রাজিলে। টুর্নামেন্টের পরিবর্তিত পূর্ণাঙ্গ সূচি শীঘ্র প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
দুই সপ্তাহ আগে কোপা আমেরিকা আয়োজনে বড় ধাক্কা খায় লাতিন আমেরিকার ফুটবল সংস্থা। জানিয়ে দেয় যে করোনা ভাইরাসের প্রভাব আচমকাই বেড়ে যাওয়ায় আর্জেন্তিনায় টুর্নামেন্টের কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ গত সাত দিনে লিওনেল মেসির দেশে ৩৫ হাজার মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৫০০ জন। শুরু থেকে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ সংক্রামিত হয়ে আর্জেন্তিনায় ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। যদিও ব্রাজিলের অবস্থাও যে খুব ভালো, এমনটা ভাবার কোনও কারণ নেই। নেইমারের দেশে ইতিমধ্যে করোনা ভাইরাসে সাড়ে চার লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। নিয়মিত কোভিড ১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল। তা সত্ত্বেও সে দেশের ফুটবল সংস্থার তরফে কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। চলতি বছর টুর্নামেন্ট আয়োজন করার সব প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের থাবায় ফের বাধা পেল পূর্ব পরিকল্পনা। উল্লেখ্য কোপা আমেরিকা টুর্নামেন্টের পূর্ববর্তী সংস্করণ ব্রাজিলেই হয়েছিল। ঘরের মাঠে কাপ জিতেছিলেন নেইমাররা। তবে এবার পরিবেশ এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications