Copa America 2024: কলম্বিয়ার সমর্থকদের উপর কেন চড়াও উরুগুয়ের ফুটবলাররা? অধিনায়ক গিমেনেজ করলেন খোলসা
Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ০-১ গোলে হেরেছে উরুগুয়ে। ম্যাচ শেষ হতেই উরুগুয়ের ফুটবলাররা তেড়ে গেলেন গ্যালারিতে।
কলম্বিয়ার সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। ডারউইন নুনেজকে দেখা গিয়েছে এক ফুটবলপ্রেমীকে মারতে। ঘটনাটি খতিয়ে দেখছে কনমেবল।
ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়া বনাম উরুগুয়ে সেমিফাইনাল দেখতে হাজির ছিলেন ৭০,৬৪৪ জন দর্শক। তাঁদের মধ্যে ৯০ শতাংশই ছিলেন কলম্বিয়ার সমর্থক। অভিযোগ, যে সামান্য অংশের উরুগুয়ে সমর্থকরা ছিলেন তাঁদের দিকে বোতল-সহ নানা জিনিস ছোড়া হয়।
এতেই গোলমাল বেঁধে যায়। দেখা যায়, নুনেজ-সহ জনা ১২ উরুগুয়ের ফুটবলার গ্যালারিতে উঠে যান। ম্যাচের মেজাজ ছিল চড়া। শেষ বাঁশি বাজার পর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে, নুনেজ কলম্বিয়ার এক সমর্থককে মারছেন।
উরুগুয়ের অধিনায়ক হোসে গিমেনেজ বলেন, পরিবারের সদস্যদের বাঁচাতেই ফুটবলাররা গ্যালারিতে গিয়েছিলেন। চূড়ান্ত অব্যবস্থা, জঘন্য পরিস্থিতি। আমাদের পরিবার বিপদে পড়েছিল। কোলের শিশু-সহ নানা বয়সের প্রিয়জনকে বাঁচাতে এমনটা করা ছাড়া উপায় ছিল না।
ঘটনাস্থলে একজন পুলিশ অফিসারও ছিলেন না বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন উরুগুয়ের অধিনায়ক। তাঁর কথায়, দু-তিনজন মদ্যপ অত্যধিক মদ্যপান করেছিলেন। তাঁদের জন্য়ই এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তাঁরা জানেন না, কতটা মদ্যপান করা উচিত।
কনমেবলের তরফে ঘটনার নিন্দা করা হয়েছে। সাফ জানানো হয়েছে, মাঠে এবং মাঠের বাইরে কোনওরকম হিংসা, অসহিষ্ণুতাকে বরদাস্ত করা হবে না। এর আগে, মাঠেও দুই দলের স্টাফ ও ফ্যানেদের সঙ্গে বাকযুদ্ধ চলছিল। গোটা ঘটনা নিয়ে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা মুখ খুলেছেন।
বিয়েলসার কথায়, আমার মনে হয়েছিল মাঠে যে তর্কাতর্কি হচ্ছিল তা থেমে গিয়েছে। এরপর আমি লকার রুমে চলে যায়। প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল, সমর্থকদের প্রতি ধন্যবাদ জানাতে গিয়েছিলেন ফুটবলাররা। কিন্তু পরে যে ঘটনার কথা জেনেছি তা দুর্ভাগ্যজনক।













Click it and Unblock the Notifications