Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনার সামনে কানাডা, বিদায় ভেনেজুয়েলার
Copa America 2024: কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনার প্রতিপক্ষ কানাডা। ভেনেজুয়েলার বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে তারা।
মঙ্গলবার নিউ জার্সিতে আর্জেন্তিনা-কানাডা সেমিফাইনাল। চলতি কোপা আমেরিকায় প্রথম ম্য়াচেই কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্তিনা।
ভেনেজুয়েলার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কানাডা ১৩ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল জ্যাকব শ্যাফলবার্গের গোলে। জনাথন ডেভিডের ক্রস থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে কানাডা এগিয়ে ছিল।
যদিও প্রথম ৪৫ মিনিটে আরও বেশি গোলে কানাডা এগিয়েও যেতে পারতো। শ্যাফেলবার্গের প্রয়াস রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক ডেভিড। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ভেনেজুয়েলা। বিরতির পরেও আধিপত্য নিয়েই খেলতে থাকে কানাডা।
তবে ৬৪ মিনিটে গোল করে সমতা ফেরান সলোমন রন্ডন। কানাডার সেন্টার ব্যাক মোইজে বম্বিতোর চ্যালেঞ্জ সামলে যেভাবে রন্ডন গোল করেন তা কোপা আমেরিকায় সবচেয়ে বেশি দূর থেকে নেওয়া শটে গোল। এরপর দুই দলই লিড নেওয়ার চেষ্টা চালালেও গোলমুখ খুলতে পারেনি।
নির্ধারিত সময়ে খেলা ১-১ থাকার পর ফয়সালার জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানেও দুই দলেরই দুজন করে ফুটবলার গোল করতে ব্যর্থ হয়। ফলে সাডেন ডেথেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ভেনেজুয়েলার উইলকার অ্যাঞ্জেলের শট রুখে দেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউ। আর তারপরই ইসমাইল কোনের শট জালে জড়াতেই শেষ চারের টিকিট পেয়ে যায় কানাডা।
বিদায় নিলেও ফার্নান্দো বাতিস্তার তরুণ ফুটবলাররা এবারের কোপা আমেরিকায় নজর কেড়েছেন। পিছিয়ে পড়েও কানাডার বিরুদ্ধে সমতাও ফিরিয়েছিল ভেনেজুয়েলা। যদিও শেষরক্ষা হয়নি। ২০১১ সালের পর কোপার সেমিফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কোপা আমেরিকায় সাতটি গোল করে নিজেদের নজির ফের স্পর্শ করল ভেনেজুয়েলা।
অন্যদিকে, কানাডার সামনে এবার আর্জেন্তিনা। হেড কোচ জেসি মার্শকে তাঁর দলের গোল করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। পরিসংখ্যান বলছে, ১৬টি শটের মধ্যে মাত্র সাতটিই টার্গেটে ছিল কানাডার। ১২টি শটই বক্সের মধ্যে থেকে। যদিও আর্জেন্তিনার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত কানাডা।













Click it and Unblock the Notifications