Mohun Bagan SG: কলকাতা প্রিমিয়ার লিগে হোঁচট খেল মোহনবাগান সুপার জায়ান্ট, এগিয়ে থেকেও জয় অধরা কালীঘাটের
Mohun Bagan SG: কলকাতা প্রিমিয়ার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ রুখে দিল কালীঘাট এমএস। পিছিয়ে পড়েও শেষ অবধি ১-১ গোলে ম্যাচ ড্র রেখেই সন্তুষ্ট থাকতে হলো সবুজ মেরুনকে।
মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দেখতে আজ মাঠে হাজির ছিলেন হেড কোচ হুয়ান ফেরান্দো। কলকাতা লিগে সবুজ মেরুন খেলছে বাস্তব রায়ের কোচিংয়ে।

ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের উপর চাপ সৃষ্টি করে কালীঘাট মিলন সংঘ। একের পর এক আক্রমণ বাগান রক্ষণকে চাপে ফেলে দেয়। ২৯ মিনিটে সবুজ মেরুনের ফুটবলারের হাতে বল লাগায় পেনাল্টি পায় কালীঘাট। গোল করতে ভুল করেননি করণ চাঁদ মুর্মু। গোল শোধের চেষ্টা চালাতে থাকে সবুজ মেরুন।

ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকেই গোল করে সমতা ফেরান মোহনবাগান সুপার জায়ান্টের সুহেল আহমেদ ভাট। এরপর আর ম্যাচে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের রাস্তা বেছে নিয়েছিল। তবে গোলমুখ খোলেনি। কালীঘাটের একটি শটের গোললাইন সেভ নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে।
৮৬ মিনিটে সুহেলের গোল ফাউল ও শেষ লগ্নে দীপেন্দু বিশ্বাসের গোল অফ সাইডের কারণে বাতিল হয়। না হলে সবুজ মেরুন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো। ম্যাচের শেষে রেফারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কালীঘাট কোচ পবন বাহাদুর থাপা। তবে সবুজ মেরুন কোচ এ প্রসঙ্গে সযত্নে এড়িয়ে গিয়েছেন।
আজকের ম্যাচের বিরতিতে সংবর্ধনা দিয়ে সমর্থকদের সঙ্গে পরিচয় করানো হয় সবুজ মেরুন শিবিরে নতুন যোগদান করা জেসন কামিংস, সাদিকু ও অনিরুদ্ধ থাপাকে। মাঠে এসেছিলেন মোহনবাগান সভাপতি স্বপনসাধন (টুটু) বসু। সবুজ মেরুন আজ জিততে না পারলেও লিগে বিদেশিদের বাদ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানালেন তিনি। এতে আরও অনেক বাঙালি ফুটবলার উঠে আসবেন বলে আশা তাঁর। টুটু প্রশংসা করলেন কালীঘাটের খেলারও।












Click it and Unblock the Notifications