CFL 2024: কলকাতা লিগে চালু হচ্ছে গোললাইন প্রযুক্তি, জানুন তিন প্রধানের ম্যাচের দিনক্ষণ
আধুনিক হচ্ছে বাংলার ফুটবল। প্রযুক্তির ছোঁয়া লাগছে গড়ের মাঠের ফুটবলেও। ভারতীয় ফুটবলে এখনও ভিএআর প্রযুক্তি শুরু করা সম্ভব হয়নি। তবে চলতি কলকাতা লিগেই গোললাইন প্রযুক্তি চালু করতে চলেছে আইএএফ।বুধবার সন্ধ্যায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আইএফএ কর্তারা।
কলকাতা লিগে রেফারিং নিয়ে বিতর্ক কম হয়নি, প্রতিটি ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষের কথা শোনা যায়। রেফারিদের নির্ভুল সিদ্ধান্ত নিতে বিশ্ব ফুটবলে আগেই চালু হয়েছে ভিএআর প্রযুক্তি। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন সেই পথে এখনও হাঁটতে পারেননি। তবে আইএফএ কিন্তু কলকাতা লিগে বড় চমক দিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অত্যাধুনিক গোললাইন টেকনোলজি চালু হচ্ছে কলকাতা ফুটবলে।

বুধবার সন্ধ্যায় আইএফএ-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সিএফএল-এর সুপার সিক্স থেকে এই গোললাইন টেকনোলজি চালু করা হবে। আপাতত পরীক্ষামূলক ভাবে এর ব্যবহার হবে। সফল হলে তবেই পরবর্তীতে এই পোর্টেবল ইনসট্রুমেন্ট ব্যবহার হবে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'আমরা যখন বিষয়টি নিয়ে আলোচনা করি তখন আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলি, তাদের পক্ষ থেকে জানানো হয়ে এই প্রযুক্তি তাদের পক্ষে বানিয়ে দেওয়া সম্ভব। আমরা ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছি, এটি মূলত গোল লাইন প্রযুক্তি। এটা ভিডিও দেখে বলে দেওয়া যাবে বল গোল লাইনের সীমা অতিক্রম করেছে কিনা।'
অনির্বাণ দত্ত আরও বলেন, 'আমরা একটা পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছি। এটার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ফলে সেটা আমরা পরীক্ষামূলকভাবে চালু করছি। এটি সফল হলে পরের ধাপে যাওয়া যাবে। তখন আমরা অফ সাউড বা ফাউলের মতো বিষয়গুলোও প্রযুক্তির সাহায্যে ঠিক ভুল নির্ণয় করতে পারব।'
এদিকে কলকাতা লিগের তিন প্রধানের বেশ কিছু ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আইএফএ-র পক্ষ থেকে। মোহনবাগান পুলিশ এসি ম্যাচটি হবে আগামী ২ সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে। মোহনবাগান এসজি বনাম কালীঘাট স্পোর্টস লাভার্সের ম্যাচ হবে ৫ সেপ্টেম্বর ব্যারাকপুরে। ইমামি ইস্টবেঙ্গল ও কলকাতা পুলিশ ক্লাবের ম্যাচ হবে আগামী ৬ সেপ্টেম্বর। মহমেডান বনাম মেসার্স ক্লাবের ম্যাচ হবে ১লা সেপ্টেম্বর।












Click it and Unblock the Notifications