ইস্টবেঙ্গলে আরও এক বছর থাকছেন ক্লেটন সিলভা, বদল আসছে কোচিং স্টাফে
চলতি আইএসএলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ক্লেটন সিলভা। ২০ ম্যাচে করেছেন ১২টি গোল। আগামী মরশুমেও তিনি লাল হলুদেই থাকছেন।
চলতি আইএসএলে ব্যর্থতার ধারা বজায় রেখেছে ইস্টবেঙ্গল। লিগ পর্বে ১১টি দলের মধ্যে দশম স্থানে থেকে অভিযান শেষ করেছে স্টিফেন কনস্ট্য়ানটাইনের প্রশিক্ষণাধীন দল। চুক্তি সংক্রান্ত জটিলতার অবসান প্রতিবার শেষ মুহূর্তে হয়, আর তাতেই শেষ মুহূর্তে ভালো দল গড়া যাচ্ছে না। লাল হলুদের ব্যর্থতার এটাও বড় কারণ। তবে এবার সেই পালা বদলানোর ইঙ্গিত মিলছে।

লাল হলুদেই থাকছেন ক্লেটন
কোচ বা কোচিং স্টাফে কাদের দেখা যাবে, তা নিয়ে চলতে থাকা জল্পনার মধ্যেই ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য খুশির খবর। ক্লেটন সিলভা (Cleiton Silva)-র সঙ্গে আগামী মরশুমের জন্যও চুক্তি সেরে ফেললেন ইমামি ইস্টবেঙ্গল এফসি-র কর্মকর্তারা। ইস্টবেঙ্গলের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ক্লেটনের পারফরম্যান্স। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে ২০ ম্যাচে ১২টি গোল করেছেন ক্লেটন। লাল হলুদের কোনও ফুটবলার এত সংখ্যক গোল করতে পারেননি। এখনও অবধি চলতি আইএসএলে সর্বাধিক ১২টি করে গোল রয়েছে ক্লেটনের এবং ওডিশা এফসির দিয়েগো মরিসিওর।

চলতি আইএসএলে ১২ গোল
গত বছর বেঙ্গালুরু এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন ৩৬ বছরের ক্লেটন। গত বছরের ডুরান্ড কাপেও তিনি ২টি গোল করেন। দুটি গোলই ছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ইস্টবঙ্গল ২০০৩ সালে আসিয়ান কাপ জিতেছিল বেক-তেরো সাসানাকে হারিয়ে, তাইল্যান্ডের সেই ক্লাবেও এক বছর খেলেছেন ক্লেটন। প্রথম বিদেশি হিসেবে তাইল্যান্ডে তাঁর ১০০টি গোল রয়েছে। বেঙ্গালুরু এফসির হয়ে ২০২১-২১ মরশুমে সাতটি এবং ২০২১-২২ মরশুমে ক্লেটন ৯টি গোল করেছেন। ২০১৫-১৬ মরশুমে আই লিগে র্যান্টি মার্টিন্সের পর ইস্টবেঙ্গলের প্রথম ফুটবলার হিসেবে দেশের সেরা লিগে তিনি এক ডজন গোল করার নজির গড়েছেন।

উচ্ছ্বসিত কর্তারা, আশাবাদী সিলভা
ইমামি ইস্টবেঙ্গল এফসি-র ডিরেক্টর সন্দীপ আগরওয়াল এক বিবৃতি মারফত বলেন, ক্লেটন ইস্টবেঙ্গলেই থাকছেন, আমরা সকলে রোমাঞ্চিত। তাঁর অবদান অমূল্য ও অনস্বীকার্য। তিনি আরও ভালো খেলতে দক্ষ বলে আমরা বিশ্বাস করি। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা আগামী মরশুমে আমাদের লক্ষ্যপূরণে সহায়ক হবে। আগামী মরশুমের কথা মাথায় রেখে অনেক উন্নতির বিষয় পরিকল্পনায় রেখেছি। ক্লেটনকে ধরে রাখা তারই অন্যতম অঙ্গ। ইস্টবেঙ্গলে থাকতে পেরে তিনিও খুশি বলেই জানিয়েছেন ক্লেটন। এবারের আইএসএলে বেশ কিছু সমস্যা থাকলেও ভালো কিছু মুহূর্তের কথাও তুলে ধরেছেন তিনি। শিক্ষা নিয়েই আগামী মরশুমে দল ভালো করবে বলে আত্মবিশ্বাসী ক্লেটন।
|
কোচিং স্টাফে রদবদল
ইতিমধ্যেই স্টিফেন কনস্ট্যানটাইনের সহকারী থরহালুর সিগের্সন (Thórhallur Siggeirsson)-কে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদ থেকে সরে যাওয়ার কথা জানান। আজ ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধন্যবাদও জানানো হয়েছে। অনেকেই মনে করছেন এবার বুঝি স্টিফেনের পালা। তাঁর ডান হাত বলে পরিচিত সিগের্সনকে সরিয়ে কি তাঁরই ইঙ্গিত দিলেন কর্তারা? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে। স্টিফেন আপাতত দেশে ফিরে গিয়েছেন। এরই মধ্যে কলকাতায় এসেছেন ফিলিপ ডি রাইডার। লাল হলুদ সমর্থকরা রাইডারকেই কোচের পদে দেখতে চাইছেন এবং তাঁকে কোচ করার দাবিতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
ছবি- ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া
𝐇𝐄’𝐒 𝐀𝐌𝐀𝐆𝐎 𝐂𝐀𝐏𝐓𝐀𝐈𝐍, 𝐀𝐍𝐃 𝐇𝐄’𝐒 𝐆𝐎𝐈𝐍𝐆 𝐍𝐎𝐖𝐇𝐄𝐑𝐄!🫡
— East Bengal FC (@eastbengal_fc) March 2, 2023
Cleiton Silva will be a Red & Gold till the end of the 2023-24 season. Happy, #AmagoFans? ❤️💛#JoyEastBengal #Cleiton2024 pic.twitter.com/VO9815dLDx












Click it and Unblock the Notifications