Champions League: এমবাপের গোলের মাইলস্টোন, স্ট্রাইকারদের দুরন্ত পারফরম্যান্সে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। শেষ দুই ম্যাচে হারের পর এবার জয়ে ফিরল রিয়াল। ইতালির ক্লাব আতালান্তার বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থাকা রিয়াল ঘুরে দাঁড়াতে জানে সেটা আরও একবার প্রমাণিত হল।
ফলাফল দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাচ কতটা টান টান হয়েছে। তবে রিয়ালকে জয় এনে দিলেন আক্রমণভাগের ফুটবলাররাই। ভিনিসিয়াস জুনিয়র, এমবাপেদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যেই জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের রণকৌশল নেয় রিয়াল। দিয়াজের পাস থেকে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে দেন এমবাপে। গোল করেই সব সমালোচনার জবাব দিলেন ফরাসি স্ট্রাইকার।

কিন্ত প্রথমার্ধ শেষ হওয়ার আগেই থিবো পেনাল্টি থেকে আতালান্তাকে সমতায় ফেরালেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভয়ঙ্কর দেখায় রিয়ালকে। ৫৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরেই গোল করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এর কিছুক্ষণের মধ্যেই বেলিংহাম গোল করে ফলাফল ৩-১ করলেন। তবে ২ গোলে পিছিয়ে থেকেও পাল্টা আক্রমণ কমায়নি আতালান্তা। ৬৫ মিনিটে আদেমোলা লুকমানে গোল করে ব্যবধান কমালেন।
কিন্তু ম্যাচের বাকিটা সময় রক্ষণকে মজবুত করেই জয় হাসিল করে রিয়াল। জয় পেলেও লিগ তালিকায় ১৮ নম্বরে আছে রিয়াল। এই জয়ে ছয় ধাপ উন্নতি হল তাদের। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যহত রাখল লিভারপুল। জিরোনাকে ১-০ ফলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি করলেন মহম্মদ সালাহ।
ম্যাচের ৬৩ মিনিটে বক্সের মধ্যে দিয়াজকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করতে ভুল করেননি সালাহ। এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের মধ্যে লিভারপুলই প্রথম দল যারা ছয় ম্যাচ জিতে নক আউট নিশ্চিত করে ফেলল।
পাশাপাশি শাখতার দোনেৎস্ককে ৫-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।












Click it and Unblock the Notifications