জাতীয় সঙ্গীতের জন্য রোজ স্তব্ধ হয় তেলেঙ্গানার এই গ্রাম, এমন এক কাহিনি যা নজিরবিহীন
তেলেঙ্গানার এক ছোট্ট গ্রাম জম্মিকুন্তা। আর সেখানকার মানুষ এক অভিনব দেশপ্রেমের নির্দশন রাখছেন। রোজ সকালে জাতীয় সঙ্গীত গাইতে ৫২ সেকেন্ড করে স্তব্ধ হয়ে যাচ্ছে এই গ্রাম।
সকাল ৭.৫৪ টা মানেই তেলেঙ্গানার জম্মিকুন্তা গ্রামের মানুষের কাছে এক মাহেন্দ্রক্ষণ। যে যেখানে থাকবেন দাঁড়িয়ে পড়বেন সেখানে। এরপর স্যালুট করে সকলেই গাইতে শুরু করবেন জাতীয় সঙ্গীত। চলতি বছরের স্বাধীনতা দিবস থেকে এই প্রথা অনুসরণ করা শুরু করেছে তেলেঙ্গানার করিমপুর জেলার জম্মিকুন্তার মানুষ। ছেলে-ছোকরা থেকে বুড়ো, কর্মস্থলমুখী মানুষ থেকে বাজার-হাটে যাওয়া মানুষজন সকলেই যে যেখানে থাকেন দাঁড়িয়ে পড়েন। এমনকী থমকে যাচ্ছে যান-বাহনের চাকাও।

জন্মিকুন্তার এই অসামান্য কাহিনি এখন উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এই খবর। ঘোর প্রাকৃতিক দুর্যোগেও থমকে যায় না জাতীয় সঙ্গীতের প্রতি জম্মিকুন্তার এই শ্রদ্ধাজ্ঞাপন। এমনকী বাড়ির হেঁশলে থাকা মহিলারাও পর্যন্ত স্যালুট ঠুকে দাঁড়িয়ে পড়েন জাতীয় সঙ্গীত গাইতে।

৭০ তম স্বাধীনতা দিবসের পূর্তি এবং ৭১ বছরে স্বাধীনতা দিবসের পদার্পণে এমনই নিয়ম চালু করেছে জম্মিকুন্তা। এই গ্রামে থাকতে হলে প্রতিটি মানুষকে এই নিয়ম মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে। ৫২ সেকেন্ড ধরে যেন এই গ্রামের মানুষের একটাই ধ্যান-জ্ঞান, আর সেটা হল জাতীয় সঙ্গীতে গলা মেলানো। এর জন্য এই গ্রামাঞ্চলের ষোলটি স্থানে বসানো হয়েছে লাউড স্পিকার। যাতে বাজানো হচ্ছে জাতীয় সঙ্গীত। স্থানীয়দের মতে, জাতীয় সঙ্গীত সকলের মনকে চাঙ্গা করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সকলকে। এমনকী, দেশের প্রতি নাগরিকের কী কর্তব্য হওয়া উচিত তাও স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে দেশাত্মবোধ সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করছে তা ঠিক নয় বলেই মনে করছেন জম্মিকুন্তার প্রবীণরা। তাই এমনভাবে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রর্দশন জম্মিকুন্তার তরুণ প্রজন্মকেও দেশাত্মবোধের চেতনা আনবে বলেই তাঁদের আশা। জম্মিকুন্তার আরও কিছু বাসিন্দাদের মতে, মাত্র ২টো মিনিট জাতীয় সঙ্গীতের জন্য দেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। তাই জম্মিকুন্তার সকল মানুষই এই মহান উদ্যোগে সামিল হয়েছেন বলে তাঁদের মত। সন্দেহ নেই জম্মিকুন্তার এই অভিনব প্রয়াস এখন দেশজুড়ে বন্দিত হচ্ছে মানুষের মুখে মুখে।












Click it and Unblock the Notifications