West Bengal Weather Update: কনকনে শীত ফিরলই না ডিসেম্বরে, নতুন বছরে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন পূর্বাভাস
West Bengal Weather Update: নতুন বছরের শুরুতে ফের পারদ পতনের (Temperature fall) পূর্বাভাস। জানুয়ারির প্রথম সপ্তাহে ফিরতে পারে কনকনে শীত (Winter Spell)। একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে মঙ্গলবার বর্ষবিদায় ও বর্ষবরণের রাতে তেমন ঠান্ডা থাকবে না বলেই পূর্বাভাস। আপাতত রাজ্যে কোথাও বৃষ্টিরও পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বর কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রাই থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি।

অর্থাৎ মঙ্গলবার প্রতি বছরের মতো কনকনে শীতের চেনা ছবি ফিরছে না বলেই পূর্বাভাস। তবে ২০২৫ কিন্তু কনকনে শীত নিয়েই আসছে। বুধবার থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। বুধবার ১ জানুয়ারির রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে।
তবে মঙ্গলবার বছরের শেষ দিনে শহরে তেমন জাঁকিয়ে শীত থাকবে না। বাকি জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। ৩১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত একইরকম শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কুয়াশার দাপট বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বিগত কয়েকদিন ধরেই উধাও হয়ে গিয়েছে কনকনে শীত। বারবার কনকনে ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্ঝা। তবে নতুন বছরেও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। অপরদিকে বাংলাদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে গুজরাট পর্যন্ত রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে বঙ্গে উত্তুরে হাওয়া বাধা পাবে কি না তা নিশ্চিত বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications