দিল্লি টেস্টে বিরাটের লেগ বিফোর কেন বিতর্কিত? টেস্ট অভিষেকে কারা পেয়েছেন কোহলির উইকেট?
দিল্লি টেস্টে বিরাট কোহলি লেগ বিফোর হন ম্যাথু কুহনেম্যানের বলে। সেই আউটটি ঘিরেই তুঙ্গে বিতর্ক। অভিষেক টেস্টে কোন কোন বোলার বিরাটকে আউট করেছেন দেখে নেওয়া যাক।
দিল্লি টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে এগিয়ে ৬২ রানে। ১২ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ফেলেছে অজিরা। উসমান খোয়াজা ১৩ বলে ৬ রান করে রবীন্দ্র জাদেজার শিকার। ২৩ রানে অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি পড়ে। ট্রাভিস হেজ ৪০ বলে ৩৯ ও মার্নাস লাবুশানে ১৯ বলে ১৬ রানে ক্রিজে। তবে দ্বিতীয় দিনে সবচেয়ে বড় বিতর্কটি হলো বিরাট কোহলির উইকেটটি নিয়ে।

কোহলির আউট নিয়ে বিতর্ক
বিরাট কোহলি এদিন টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি ৮৪ বলে ৪৪ রানের বেশি করতে পারেননি। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। আর ৮টি রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২৫ হাজার রান এদিনই পূর্ণ হতো। কিন্তু ম্যাথু কুহনেম্যানের বলে লেগ বিফোর হন বিরাট, যে সিদ্ধান্তটি বিতর্কিত বলেই মনে করা হচ্ছে।
|
কুহনেম্যানের বলে লেগ বিফোর
৫০তম ওভারের তৃতীয় বলে আম্পায়ার নীতীন মেনন অজিদের লেগ বিফোরের আবেদনে ইতিবাচক সাড়া দেন। কিন্তু ভারত ডিসিশন রিভিউ সিস্টেমের দ্বারস্থ হয়। বল ট্র্যাকিং টেকনোলজি দেখে আম্পায়ার বেনিফিউট অব ডাউট দিয়ে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তটিকেই মান্যতা দেন। প্রাথমিকভাবে মনে হয়েছিল, বল প্রথমে বিরাটের ব্যাটে লেগে প্যাডে লেগেছে। কিন্তু রিপ্লেতে বারবার দেখা যায় বল একই সময়ে ব্যাট ও প্যাডে লেগেছে। সে কারণ পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারেননি তৃতীয় আম্পায়ার।

নিয়মের উল্টোটাই হয়েছে
অন ফিল্ড আম্পায়ার যেহেতু আগেই বিরাট কোহলিকে আউট দিয়েছিলেন তাই প্রাক্তন ভারত অধিনায়ককে বিফল মনোরথেই সাজঘরে ফিরতে হয়। তাঁর চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। বিরাট আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩৫। ক্রিকেটের আইনের ৩৬.২.২ ধারা অনুযায়ী যদি বল প্যাড ও ব্যাটে একসঙ্গে লাগে তাহলে সেটাকে ধরা হবে ব্যাটে আগে লেগেছে। কিন্তু বিরাটের ক্ষেত্রে এদিন উল্টোটাই হওয়ায় তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। সে কারণে এই সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক রয়েই গেল।

অভিষেক টেস্টে 'বিরাট' শিকার
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিই হলেন অজি স্পিনার ম্যাথু কুহনেম্যান (Matthew Kuhnemann)-এর প্রথম শিকার। তবে এই প্রথম বিরাট যে টেস্ট অভিষেক হওয়া বোলারের বলে আউট হলেন তা নয়। ২০১৫ সালে বিরাট কোহলিকে ফিরিয়েই দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা টেস্টে তাঁর প্রথম উইকেটটি দখল করেছিলেন। পরের বছর অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ বিরাটকে আউট করেছিলেন। এটিও ছিল জোসেফের প্রথম টেস্ট উইকেট। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি অর্থো়ডক্স স্পিনারের প্রথম টেস্ট শিকারও হন কিং কোহলি। ওই সিরিজেই আনরিখ নরকিয়াও তাঁর প্রথম টেস্ট উইকেট নেন বিরাটকে সাজঘরে ফিরিয়ে। চলতি সিরিজে নাগপুর টেস্টটি ছিল অজি স্পিনার টড মার্ফির প্রথম টেস্ট। বিরাট কোহলিকে তিনি আউট করেন। তবে টেস্টে তাঁর প্রথম শিকার লোকেশ রাহুল।












Click it and Unblock the Notifications