সিডনি টেস্টের আগে হঠাৎই সমস্যায় অস্ট্রেলিয়া
অ্যাশেজে ইংল্যান্ড'কে হোয়াইট ওয়াশ করার প্রস্তুতিতে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। কোভিড পজিটিভ হয়ে আগামী সপ্তাহে সিডনিতে শুরু হতে চলা চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন ট্রাভিস হেড। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার হয়ে দুর্ধর্ষ ১৫২ রানের ইনিংস খেলা এই হেড এই মুহূর্তে রয়েছেন মেলবোর্নে। সেখানেই সাত দিনের আইসোলেশনে থাকবেন তিনি।

হেডের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। সে দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়, "দুর্ভাগ্যবশত কোভিড পজিটিভ ধরা পড়েছেন ট্রাভিস হেড। ভাল বিষয় এই যে এখনও পর্যন্ত ওর কোনও রকম উপসর্গ নেই। আমরা অনুমান করছি হবার্টে পঞ্চম টেস্টে খেলার মতো জায়গায় থাকবে ও।"
হেডের সংস্পর্শে আরও কোনও অস্ট্রেলীয় ক্রিকেটার এসেছেন কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। ইতিমধ্যেই স্কোয়াডে ডাকা হয়েছে মিচেল মার্শ, নিক মেডিনসন এবং জস ইংলিস'কে। তবে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হেডে'র জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ উসমান খোয়াজা। ২০১৯-এর অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পাননি এই বাম হাতি ব্যাটসম্যান।
ইতিমধ্যেই কোভিডে সংক্রমিত হয়েছেন ইংল্যান্ডের শিবিরের সাত জন সদস্য। এই সাত সদস্যের মধ্যে তিন জন সাপোর্ট এবং চার জন সফররত দলের সঙ্গে থাকা সাপোর্ট স্টাফের পরিবারের সদস্য। ব্রিসবেন, অ্যাডিলেড এবং মেলবোর্নে পর পর তিনটি টেস্ট হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। সিডনি টেস্টে নামার আগে গোটা দল মানসিকভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ইংল্যান্ড শিবিরের সমস্যা আরও বেড়েছে। সফররত দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড সিডনি টেস্টে ড্রেসিং রুমে থাকতে পারবেন না পাওয়ায়। কোভিডে আক্রান্ত হয়েছেন ক্রিস সিলভারউডের পরিবারের এক সদস্য, এই কারণে দশ দিন মেলবোর্নেই নিভৃতবাসে থাকতে হবে তাঁকে।
বক্সিং ডে টেস্টে প্রথম কোভিড পজিটিভের খবর সামনে আসার পর সোমবার থেকে নিয়মিত পিসিআর টেস্ট চলছে দুই দলের।স্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ জন লুইস, স্পিন কোচ জিতেন প্যাটেল এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ ড্যারেন ভেনিস-ও আইসোলেশনে রয়েছেন। চতুর্থ টেস্টে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাতে পারেন ব্যাটিং কোচ গ্রাহাম থর্প।
এই সংক্রমণ শুধু থেকে নেই দুই দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের মধ্যে। আইসিসি'র ম্যাচ রেফারি ডেভিড বুন কোভেডি আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার। এখনও পর্যন্ত চলতি অ্যাশেজের প্রতিটা টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব সামলানো বুনও সিডনি টেস্টে দায়িত্ব সামলাতে পারবেন না।












Click it and Unblock the Notifications