রেকর্ডের অপর নাম সচিন! একনজরে মাস্টার ব্লাস্টারের এভারেস্ট সমান কৃতিত্বের ফ্ল্যাশব্যাক
জীবনের পঞ্চাশটি বসন্ত পেরলেন সচিন তেন্ডুলকর। সোমবার সকাল থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। আজ থেকে প্রায় ১০ বছর আগে ক্রিকেট জগত থেকে বিদায় নেন সচিন। কিন্তু তাঁর অবদান আজও স্মরণীয়। একঝলকে তাঁর কেরিয়ারের পরিসংখ্যান।
সচিন তেন্ডুলকর তার ক্রিকেট জীবনে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওডিআই এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কেরিয়ার মোট ৩৪,৩৫৭ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় শীর্ষে রয়েছেন। যা সর্বকালের রেকর্ড।

সচিন তেন্ডুলকর তাঁর কেরিয়ারে বহু রেকর্ড গড়েছেন। তার মধ্যে অন্যতম ১০০টি আন্তর্জাতিক শতরান। যার মধ্যে টেস্টে ৫১টি এবং ওডিআইয়ে ৪৯টি শতরান করেছেন। দেশের হয়ে ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সচিন। তবে তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৭৮টি ম্যাচ খেলেন। আইপিএল কেরিয়ারে তার মোট রান ২৩৩৪। গোটা আইপিএলে তিনি প্রায় ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করে ১৩টি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন।

মাস্টার ব্লাস্টার ব্যাটিংয়ে পাশাপাশি দুর্দান্ত বোলিংও করতেন। তিনি দেশের হয়ে ২০১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে টেস্টে ৪৬টি, ওডিআইয়ে ১৫৪টি এবং ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি উইকেট নেন। সামগ্রিক ভাবে বলতে গেলে সচিন তেন্ডুলকর তার পেশাদার ক্রিকেট জীবনে মোট ২৭৪টি উইকেট নিয়েছেন।

অন্যান্য একাধিক রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৪০৭৬টি চার মেরেছেন। যার মধ্যে টেস্টে ২০৫৮, ওডিআইয়ে ২০১৬ এবং টি-টোয়েন্টিতে ২টি। এছাড়াও মাস্টার ব্লাস্টার তার কেরিয়ারে সব মিলিয়ে ৫২৭৬৪টি বল খেলেছেন। এছাড়াও কেরিয়ারে মোট ২৪৬টি অর্ধশতরান করেছেন সচিন। পাশাপাশি দীর্ঘ ২৪ বছরের কেরিয়ারে সচিন দেশের হয়ে ৭৬টি ম্যান অফ দ্য ম্যাচ এবং ২০ প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জেতেন।
তার এই দীর্ঘ ক্রিকেট জীবন স্মরণীয় হয়ে থাকবে। তার প্রতিটা রেকর্ড অনুপ্রেরণা জোগাবে আজকের নবপ্রজন্মদের। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সচিন তেন্ডুলকর।












Click it and Unblock the Notifications