দ্রাবিড়ের ক্লাসে বিরাট, নেটে বিশেষ শটে জোর! শেষ আটে প্রতিপক্ষদের বিরুদ্ধে কোহলির ট্র্যাক রেকর্ড কেমন?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার সুপার এইটে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ২২ ও ২৪ তারিখ রোহিত শর্মারা খেলবেন যথাক্রমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে বিরাট কোহলি যথাক্রমে ১, ৪ ও ০ রানে আউট হয়েছেন। ওপেনার হিসেবে নেমে। সুপার এইটে চেনা ছন্দে ফিরতে নেটে দীর্ঘ সময় ব্যয় করছেন কোহলি।

বার্বাডোজে অনুশীলনে ওয়ার্ম আপ সেরেই বিরাট চলে যান নেটে। কিছুক্ষণ থ্রো ডাউন সামলালেন। তারপর কুলদীপ যাদব ও হার্দিক পাণ্ডিয়ার বোলিং সামলালেন। একস্ট্রা কভার অঞ্চল দিয়ে জোরালো শট যেমন মারতে দেখা গেল, তেমনই জসপ্রীত বুমরাহর বলে পুল শটও মারলেন অবলীলায়।
নিউ ইয়র্কের তুলনায় ওয়েস্ট ইন্ডিজে কন্ডিশন অন্যরকম। পিচ মন্থর থাকবে। ব্যাটাররা বড় রানের লক্ষ্যে ঝাঁপাবেন। বেশ গরমও রয়েছে। অনেকটাই ভারতীয় পরিবেশের মতো। স্পিনাররাও এখানকার উইকেটে কার্যকরী হবেন। বিরাটকে নেটে দেখা গেল স্লগ স্যুইপ মারতেও।
রবীন্দ্র জাদেজাও চেনা ছন্দে নেই। তবে তিনি সুপার এইটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বলে মনে করছেন চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। জাদেজাকেও নেটে চেনা ছন্দেই ব্যাট করতে দেখা গিয়েছে। ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবেদের সঙ্গে ব্য়াটিং প্র্যাকটিসে দেখা গেল অর্শদীপ সিং, মহম্মদ সিরাজকেও। কুলদীপ যাদব ভারতের একাদশে আসতে পারেন। তিনিও অনেকক্ষণ বল করেন।
বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২টি টি২০ আন্তর্জাতিকের ২১ ইনিংসে ৭৯৪ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৯০। গড় ৫২.৯৩, স্ট্রাইক রেট ১৪৩.৮৪। ৮টি অর্ধশতরান করেছেন, শূন্যে আউট ১ বার। বাংলাদেশের বিরুদ্ধে ৫ ম্যাচে ১৯৩ রান রয়েছে কোহলির, সর্বাধিক অপরাজিত ৬৪। গড় ৯৬.৫০, স্ট্রাইক রেট ১২২.১৫। ২টি অর্ধশতরান করেছেন।
টি২০ আন্তর্জাতিকে বিরাটের একমাত্র শতরানটি এসেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। বিরাট আফগানদের বিরুদ্ধে ৫ ম্যাচে ৪ ইনিংসে ২০১ রান করেছেন। গড় ৬৭, স্ট্রাইক রেট ১৭১.৭৯। ১টি শতরান ও ১টি অর্ধশতরান রয়েছে। ২০২২ সালে এশিয়া কাপে ৯০ বলে অপরাজিত ১২২ করেছিলেন আফগানদের বিরুদ্ধে।
২০১২ সালের টি২০ বিশ্বকাপে অভিষেক ম্য়াচে কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৫০ রান করেছিলেন, ম্যাচের সেরার পুরস্কার পান। ২০২১ সালে তিনি আফগানদের বিরুদ্ধে ব্যাট করতে নামেননি।
২০১২ সালের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ১৩ বলে ১৫। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ২২ বলে ২৩ করেন অজিদের বিরুদ্ধে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা হন।
২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট যথাক্রমে ৫০ বলে অপরাজিত ৫৭ ও ২৪ বলে ২৪ রান করেছিলেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে বিরাট বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হন ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে।












Click it and Unblock the Notifications