T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন? হারের হ্যাটট্রিক এড়ালেই বাজিমাত
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে পঞ্চমবার সেমিফাইনাল খেলতে চলেছে ভারত। ২০০৭ থেকে ২০২২ অবধি চারবার ভারত শেষ চারে উঠেছে।
২০০৭ সালের প্রথমবার টি২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৪ সালে হয় রানার-আপ। তবে ভারত শেষ যে ২টি সেমিফাইনাল খেলেছে তার মধ্যে হেরেছে দুটিতেই।

২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। সেবার ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলেছিল ডারবানে। অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ১৫ রানে।ভারত ৫ উইকেটে ১৮৮ তুলে অস্ট্রেলিয়াকে থামায় ৭ উইকেটে ১৭৩ রানে। শ্রীসন্থ, ইরফান পাঠান ও যোগিন্দর শর্মা ২টি করে উইকেট নেন। ৩০ বলে ৭০ রান করা যুবরাজ সিং হন ম্যাচের সেরা।
২০১৪ সালে ভারত ফাইনালে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সেবার ঢাকায় দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হারায় ভারত। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৭২ করেছিল। ২২ রানে তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। বিরাট কোহলি ৪৪ বলে অপরাজিত ৭২ করে ম্যাচের সেরা হন।
২০১৬ সালে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ২ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল ৭ উইকেটে। বিরাট কোহলির ৪৭ বলে অপরাজিত ৮৯ ভারতকে পৌঁছে দেয় ২ উইকেটে ১৯২। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের সেরা লেন্ডল সিমন্স ৫১ বলে ৮২ ও আন্দ্রে রাসেল ২০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। জনসন চার্লস করেন ৩৬ বলে ৫২।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেডে ভারত ৬ উইকেটে ১৬৮ তুলেছিল। বিরাট কোহলি ৪০ বলে ৫০ রান করেন। ৩৩ বলে ৬৩ হার্দিক পাণ্ডিয়ার। ক্রিস জর্ডনের ঝুলিতে যায় তিন উইকেট। জবাবে ১৬ ওভারেই ম্যাচ জেতে ইংল্য়ান্ড। অধিনায়ক জস বাটলার ৪৯ বলে ৮০ ও ম্যাচের সেরা অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত টস জিতে ব্যাটিং নিয়েছিল, ম্যাচ জেতে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা টস জেতে, ম্যাচ জেতে ভারত। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ম্যাচ জেতে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডও টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল।
সেই টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে বোলিং করা অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া এবারেও রয়েছেন। অর্শদীপ এককভাবে সর্বাধিক উইকেটশিকারীও হতে পারেন এবারের টি২০ বিশ্বকাপে।












Click it and Unblock the Notifications