'মনে হচ্ছিল উনি ফ্রন্টফুটে খেলছেন', প্রধানমন্ত্রী মোদীর পোস্টের জবাব দিলেন সূর্য
রবিবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জয় করেছে ভারত। এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের এই জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব প্রধানমন্ত্রীর সমর্থন প্রসঙ্গে মুখ খুলেছেন।
প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন বার্তায় কেবল ভারতের জয়কেই উদযাপন করা হয়নি, বরং 'অপারেশন সিঁদুর’ এর কথাও উল্লেখ রয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, "যখন দেশের নেতা নিজেই ফ্রন্ট ফুটে ব্যাট করেন, তখন খুব ভালো লাগে। মনে হয়েছিল উনিই যেন স্ট্রাইক নিয়ে রান করেছেন। এটা দেখতে দারুণ লেগেছে এবং যখন স্যার সামনে থাকেন, তখন খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলবেন, এটা নিশ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো দেশ জয়কে উদযাপন করছে।"

এশিয়া কাপ জয়ের পর ট্রফি বিতরণ অনুষ্ঠানে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়। সেখানে ভারতীয় দল এসিসি প্রধান এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি-র কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। ট্রফি বিতরণ অনুষ্ঠানের পর পিসিবি চেয়ারম্যান ট্রফি নিয়ে মঞ্চ থেকে চলে যান। এই প্রথম হল যে বিজয়ী দল ট্রফি পেল না।
অস্বাভাবিক এই পরিস্থিতি নিয়ে সূর্যকুমার যাদব বলেছেন, "আমি এটাকে বিতর্ক বলব না। আপনারা যদি দেখে থাকেন, তাহলে দেখবেন মানুষ যেখানে-সেখানে ট্রফির ছবি পোস্ট করেছে। কিন্তু আসল ট্রফি হল যখন আপনি মানুষের হৃদয় জেতেন, খেলোয়াড়দের বিশ্বাস অর্জন করেন, সাপোর্ট স্টাফরা যে আস্থা দেখিয়েছেন, যারা পর্দার আড়ালে কাজ করেন, সেটাই আসল ট্রফি। আসল ট্রফি হল মাঠে এত মানুষের কাজ ও প্রচেষ্টা।"
ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতেছে। তবে পাকিস্তানি আয়োজকদের যে মানসিকতা সামনে এল তা ক্রিকেটের পক্ষে ভালো বিজ্ঞাপন হয়ে থাকল না।












Click it and Unblock the Notifications