আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান অস্ত্র কারা? শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে জানালেন গাভাসকর
আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও আগের মরশুমটা মোটেই ভালো যায়নি রোহিত শর্মাদের। প্লে-অফেও উঠতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। নিলাম থেকে দল গুছিয়ে ফের নতুন করে অভিযানে নামতে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স। দলের শক্তি ও খামতি বিশ্লেষণ করলেন সুনীল গাভাসকর।

ওপেনিং জুটি
মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটির উপরও সাফল্য অনেকটাই নির্ভর করবে বলে মনে করেন সুনীল গাভাসকর। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করা ঈশান কিষাণের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সানি। অধঘিনায়ক রোহিত শর্মাও এবারের আইপিএলে স্পেশ্যাল কিছু করে দেখাতে মুখিয়ে থাকবেন বলে নিশ্চিত ভারতের প্রাক্তন অধিনায়ক।

আর্চারে আস্থা
সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের ট্রাম্প কার্ড হতে চলেছেন জোফ্রা আর্চার। তিনি এবার খেলতে পারবেন, ফলে স্বাভাবিকভাবেই দলের শক্তি বাড়বে। আর্চার এমন একজন বোলার যিনি শুরুর দিকে উইকেট তুলে নিতে পারেন। এমনকী শেষের দিকের ওভারগুলিতে রান আটকে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে পারদর্শী আর্চার।

স্পিনে খামতি
মুম্বই ইন্ডিয়ান্সের খামতি কিছুটা বোলিং বিভাগে রয়েছে উপলব্ধি গাভাসকরের। তিনি বলেন, মুম্বই ইন্ডিয়ান্স দলে নতুন বলে বল করার মতো জোরে বোলার ভালো সংখ্যাতেই রয়েছেন। কিন্তু কিছুটা দুর্বলতা রয়েছে স্পিন বিভাগে। দলের স্পিন কম্বিনেশন কিছুটা হলেও দুর্বল। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে চার বিদেশিকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে গাভাসকর বেছে নিয়েছেন ক্যামেরন গ্রিন, জোফ্রা আর্চার, টিম ডেভিড এবং ফর্ম ও প্রতিপক্ষ বিচার করে ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসের মধ্যে একজনকে।

গেম চেঞ্জার
রোহিত শর্মার দলের গেম চেঞ্জার হতে পারেন টিম ডেভিড। তেমনটাই ধারণা গাভাসকরের। তিনি বলেন, টিম ডেভিড কয়েক ওভারের মধ্যেই ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই আমার কাছে তিনি এক্স-ফ্যাক্টর। ব্যাটে-বলে ফারাক গড়ে দিতে পারেন ক্যামেরন গ্রিনও। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে অনেক রান করেছেন ক্যামেরন গ্রিন। ফলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন বলেও ধারণা গাভাসকরের।

নতুন মনোবল নিয়ে
গাভাসকরের পরামর্শ আগেরবার কী হয়েছে তা মাথায় না রেখে এবার খেলতে নামুক মুম্বই ইন্ডিয়ান্স। নতুন মরশুম, সেখানে তারা সাফল্যে পেতে পারে এই বিশ্বাসটা সঙ্গী করেই। জসপ্রীত বুমরাহর অভাব নিশ্চিতভাবেই অনুভূত হবে। তা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল বলে মনে করছেন গাভাসকর। মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের দক্ষতা মেলে ধরতে চাইবে। আর সে কারণেই তাদের প্রথম দুই থেকে তিনের মধ্যেই দেখছেন সানি।












Click it and Unblock the Notifications