উত্তরবঙ্গে ত্রাণ পাঠাবেন সৌরভ, মুখ খুললেন গিল, রোহিত ও বিরাটকে নিয়েও
উত্তরবঙ্গে বিপর্যয়ে দুর্গতদের ত্রাণ পাঠাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ কলকাতায় একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে এ কথা জানান মহারাজ।
পাশাপাশি তিনি ওই সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি নিয়ে একটি ভিডিও দেখার ফাঁকে ওই সংস্থাকেও দুর্গতদের ত্রাণ পাঠানোর জন্য অনুরোধ জানান। ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের অনুরোধে সঙ্গে সঙ্গে সম্মতি দেন অন্নপূর্ণা স্ন্যাকসের কর্ণধার।

রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে ভারতের ওডিআই দলের অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন জানালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তাঁর ধারণা, রোহিতের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। শুভমানের মতো তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করে সৌরভ বুঝিয়ে দেন, তাঁকে ওডিআইয়েরও অধিনায়ক করা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।
ইংল্যান্ডে টেস্ট সিরিজে শুভমানের অধিনায়কত্বের প্রশংসা করে সৌরভ বলেন, "আমার মনে হয় এটা রোহিতের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে, বাইরে থেকে তাই মনে হচ্ছে। ভেতরের খবর আমি জানি না। তবে কোনও না কোনওভাবে আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। রোহিত খেলা চালিয়ে যেতে পারেন এবং এর মধ্যে একজন তরুণ অধিনায়কও তৈরি হচ্ছেন। তাই এতে আমি কোনও সমস্যা দেখছি না। আমি নিশ্চিত রোহিতের সঙ্গে কথা বলা হয়েছে। তাই এটা 'বরখাস্ত' নাকি অন্য কিছু, আমি জানি না। আমি নিশ্চিত এটা পারস্পরিক আলোচনার মাধ্যমে হয়েছে। কারণ রোহিত একজন অসাধারণ নেতা।"
দক্ষিণ আফ্রিকায় যখন বিশ্বকাপ হবে তখন রোহিতের বয়স হবে ৪০। সৌরভ নিজের, রাহুল দ্রাবিড়ের উদাহরণ দিয়ে বলেন, আমরা তাঁর চেয়েও কম বয়সে ওডিআই থেকে অবসর নিয়েছি। ওডিআই ফরম্যাটের জন্য ৪০ একটা বড় সংখ্যা। তবে পারফরম্যান্স কোনও সমস্যা নয়। রোহিত, বিরাটদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আইপিএল তো চলে মাস দুয়েক। কেন না, খেলার পরিমাণ কমে গেলে টাচ নষ্ট হয়ে যায়।
সৌরভ বলেন, "গত দুই বছরে রোহিত টি-২০ বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তাই রোহিত শর্মার পারফরম্যান্স কোনও সমস্যা নয়। আমার মনে হয় নির্বাচকদের সঙ্গে তাঁর খোলামেলা কথা হয়েছে। রোহিত টি২০ ক্রিকেট খেলেন না। তাই ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবেন না। আমি মনে করি না কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন, রোহিত ৪০ বছর বয়সেও খেলবেন কিনা। তাই আমার মনে করি না এটা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। এটা সবার জীবনেই ঘটে।"
সৌরভ ভবিষ্যদ্বাণী করেন, "ভবিষ্যতেও এর কোনও ব্যতিক্রম হবে না-দশ বছর পর যখন শুভমান গিলের বয়স ৪০-এর কাছাকাছি হবে এবং তিনি ১২,০০০-১৩,০০০ রান করবেন, তখন তাঁকেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারণ, যেমনটা আপনারা জানেন, খেলাধুলায় রজার ফেডেরার, পিট সাম্প্রাস, রাফায়েল নাদাল হোক বা দিয়েগো মারাদোনা, সবাইকে একদিন না একদিন শেষ করতেই হয়।"
ভারতীয় দলে রোহিত ও কোহলির ভবিষ্যৎ সম্পর্কে সৌরভ বলেন, বয়স এবং পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাঁদের ভাগ্য নির্ধারণ করবে। ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। তিনি বলেন, রোহিত, বিরাট কতটা ফিট থাকেন এবং কেমন পারফর্ম করেন তার উপর নির্ভর করছে সবটাই। তাঁরা যে সুযোগই পান না কেন, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কারণ ক্রিকেট এমন একটি খেলা যেখানে আপনাকে খেলতে থাকতে হবে-নাহলে আপনি ছন্দ, ফর্ম এবং যোগাযোগ হারাবেন। জীবনের সব কিছুতেই এটা প্রযোজ্য। আপনাকে চালিয়ে যেতে হবে। এটাই নিয়ম। যদি তাঁরা খেলতে থাকেন এবং পারফর্ম করেন, তবে তাঁরা ভারতের হয়ে খেলে যাবেন।"
অধিনায়ক হিসেবে গিলের উত্থানের প্রশংসা করে সৌরভ বলেন, "এখনও বলার সঠিক সময় হয়নি। কিছু বললে তা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি মনে করি ইংল্যান্ড সফরে শুভমান অসাধারণ ছিলেন। আমি পাঁচটি টেস্টের সিরিজ দেখেছি। সেখানে গিল যেভাবে খেলেছেন এবং যেভাবে দলের নেতৃত্ব দিয়েছেন তা অসাধারণ। এ কারণেই তাকে ভবিষ্যতের জন্য ওয়ান ডে দলের অধিনায়ক করা হয়েছে। খেলোয়াড় এবং অধিনায়ক দুইয়ের নিরিখেই তাঁর প্রচুর সম্ভাবনা রয়েছে।"












Click it and Unblock the Notifications