SMAT: শামির তিন উইকেট, পোড়েল ও ঘরামির অর্ধশতরান, রাজস্থানকে সহজেই হারিয়ে নক-আউটে বাংলা
SMAT: সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলা। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সুদীপ ঘরামির দলের কাছে পরাস্ত হলো রাজস্থান।
চলতি টুর্নামেন্টে রাজস্থানের এটি দ্বিতীয় পরাজয়। ৭ উইকেটে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে ওঠার দিকেও পা বাড়াল বাংলা।

টস জিতে বাংলা রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ওভারের দ্বিতীয় বলেই আঘাত হানেন মহম্মদ শামি। ২ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন অভিজিৎ তোমর। কার্তিক শর্মার ৪৬, অধিনায়ক মহীপাল লোমররের ৪৫ রানে ভর করে রাজস্থান তোলে ৯ উইকেটে ১৫৩।
শামি এদিন ৪ ওভারে ২৬ রান খরচ করে তিনটি উইকেট নেন। শুভম আগরওয়াল ও দীপক চাহারকেও ফেরান তিনি। শাহবাজ আহমেদ ৪ ওভারে ২১ ও সায়ন ঘোষ ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি করে উইকেট নেন।
ঋত্ত্বিক চট্টোপাধ্যায় নিয়েছেন ১টি উইকেট। শামির ভাই মহম্মদ কাইফ চলতি টুর্নামেন্টে এদিনই প্রথম খেললেন। ৪ ওভারে ৪৪ রান খরচ করলেও উইকেট পাননি। শামি বোলিং ওপেন করেন, অন্য প্রান্ত থেকে শুরু করেন শাহবাজ আহমেদ। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ১৭ রান দেন, উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। অভিষেক পোড়েল ওপেন করতে নেমে সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৭৮ রান করেন। অধিনায়ক সুদীপ ঘরামি চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
করণ লাল ৪, শাকির হাবিব গান্ধী ১ রানে আউট হন। শাহবাজ আহমেদ ১২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। অনিকেত চৌধুরী ২টি ও কমলেশ নাগরকোটি ১টি উইকেট পেয়েছেন।
এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলা রয়েছে গ্রুপ এ-র শীর্ষে। রাজস্থান অভিযান শেষ করল ৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে। বিহারকে হারিয়ে ২৪ পয়েন্ট দখল করেছে মধ্যপ্রদেশ। বাংলা নেট রান রেটে এগিয়ে থাকলেও যেহেতু মধ্যপ্রদেশের কাছে হেরেছিল, ফলে বাংলাকে খেলতে হবে প্রি কোয়ার্টার ফাইনাল।
বাংলা ২৪ পয়েন্টে পৌঁছে যাওয়ায় নক আউট পর্ব নিশ্চিত করে ফেলল। পাঁচটি গ্রুপ রয়েছে। তা থেকে ১০টি দল নক-আউটে যাবে। পয়েন্টের নিরিখে প্রথম ছয়ে থাকা দলগুলি সরাসরি শেষ আটে যাবে। বাকি চারটির মধ্যে ২টি যাবে প্রি কোয়ার্টার ফাইনাল খেলে। বাংলা ও মধ্যপ্রদেশের পাশাপাশি ২৪ পয়েন্ট পেয়েছে বরোদা, সৌরাষ্ট্র, গুজরাত, দিল্লি ও মুম্বই।












Click it and Unblock the Notifications