Rohit Sharma: দ্রাবিড়ের আগেই বিরাট সিদ্ধান্ত ভারত অধিনায়কের! রোহিতের জন্য কীভাবে উপকৃত সাপোর্ট স্টাফরা?
Rohit Sharma: ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসেবে ১২৫ কোটি টাকা দিয়েছে বিসিসিআই। যা ক্রিকেটার, রিজার্ভ প্লেয়ার, হেড কোচ-সহ কোচিং ও সাপোর্ট স্টাফদের মধ্যে বণ্টন করা হয়েছে।
কে কত পরিমাণ অর্থ পেয়েছেন তাও ইতিমধ্যেই জনসমক্ষে। তবে এবার সামনে এলো রোহিত শর্মার ভূমিকার কথা।

১২৫ কোটি টাকা থেকে মূল দলে থাকা ১৫ ক্রিকেটারের মতোই ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও ৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। যদিও রাহুল দ্রাবিড় জানিয়ে দেন তিনি আড়াই কোটি টাকাতেই সন্তুষ্ট। পাঁচ কোটি টাকা নেবেন না।
দ্রাবিড়ের এমন উদার মনোভাবের কারণ তিনি দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের সমান স্তরেই থাকতে চেয়েছেন। কেন না, বিসিসিআইয়ের পুরস্কারমূল্য থেকে টি২০ বিশ্বকাপজয়ী দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপকে আড়াই কোটি টাকা করে দেওয়ারই সিদ্ধান্ত হয়।
দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়ে সকলেই যখন প্রশংসায় পঞ্চমুখ তখনই জানা গেল রোহিত শর্মার বড় সিদ্ধান্তের কথা। এক ক্রিকেটারের নাম প্রকাশ না করলেও তাঁর বক্তব্যের ভিত্তিতে একটি হিন্দি দৈনিকে দাবি করা হয়েছে, সাপোর্ট স্টাফদের জন্য প্রথম এগিয়ে এসেছেন রোহিত শর্মাই।
ওই প্রতিবেদনে উল্লেখ, বার্বাডোজ থেকে দিল্লি ফেরার চার্টার বিমানে যখন ১২৫ কোটি টাকা কীভাবে বণ্টন করা হবে তা নিয়ে আলোচনা চলছে, তখন অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, তিনি চান সকলেই যেন ভালো পরিমাণ অর্থ পান, সমবণ্টনের কথাই উল্লেখ করেন হিটম্যান।
জানা গিয়েছে, প্রাথমিক আলোচনা যেভাবে চলছিল তাতে সাপোর্ট স্টাফদের প্রাপ্ত অর্থের পরিমাণ বেশ কম হচ্ছিল। যাতে আপত্তি জানান রোহিত। তিনি নিজেই সেই সময় বলেন, প্রয়োজনে আমার ভাগের টাকা কমিয়ে তা সাপোর্ট স্টাফদের দেওয়া হোক। রোহিত কারও নাম আলাদাভাবে নেননি।
রোহিতের এই অবস্থানের জন্যই বিসিসিআই স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ, ফিজিও, অ্যানালিস্ট, থ্রোডাউন স্পেশ্যালিস্ট-সহ সাপোর্ট স্টাফদের ২ কোটি টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক রোহিতের এমন মানসিকতায়, সামনে থেকে সব কিছুতে নেতৃত্ব দেওয়ায় আপ্লুত তাঁর সতীর্থরা।












Click it and Unblock the Notifications