বিসিসিআইয়ের ১০ দফা নিয়মের প্রশ্নে বিরক্ত রোহিত! স্কুলের মতো শাস্তি নয়, সাফ কথা আগরকরের
Rohit Sharma: বিসিসিআই ক্রিকেটারদের মধ্যে টিম বন্ডিং, দলগত সংহতি বাড়াতে ১০ দফা নিয়ম চালু করতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর।
এ বিষয়েই আজ প্রশ্নের মুখে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজিত আগরকর। রোহিতকে বেশ বিরক্তই দেখাল।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর গত ১১ জানুয়ারি বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। সেই আলোচনার ভিত্তিতে ১০ দফা নির্দেশিকা জারির পথে বিসিসিআই।
রোহিতকে এই নিয়মের বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। রোহিত তাঁকে বলেন, আপনাকে কে এই নিয়মগুলির কথা বলল? এই নিয়ম লাগুর কথা কি সরকারিভাবে জানানো হয়েছে? বিসিসিআইয়ের অফিসিয়াল হ্যান্ডল থেকে কি ঘোষণা হয়েছে? আগে তা হোক, তারপর এই নিয়ে কথা বলা যাবে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের বেশ কিছু বিষয়ে সন্তুষ্ট নন। ভারতীয় ক্রিকেটে সুপারস্টার কালচার ঘুচিয়ে কড়া অনুশাসনে দলকে বাঁধার পরামর্শ দিয়েছেন গম্ভীর। এরপরই বিসিসিআই ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম জারি করতে পারে বলে চর্চা রয়েছে।
অজিত আগরকর বলেন, প্রতি দলেরই কিছু নিয়ম থাকে। দলগত সংহতি বাড়িয়ে আমরা কীভাবে আরও ভালো দল হয়ে উঠতে পারি তা নিয়ে বিগত কয়েক মাসে নানা কথা হয়েছে। কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী বলেও আমাদের মনে হয়েছে। টিমের বাঁধন আরও জোরদার করতে হবে।
এরপর আগরকর বলেন, ভারতীয় দল স্কুল নয়। ফলে এই নিয়ম কোনও শাস্তি নয়। এটা দলের নিয়ম। দেশের হয়ে খেলতে গেলে সেই নিয়ম মেনে চলতে হয়। দলের সকলেই পরিণত। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা তারকা। তাঁরা জানেন কীভাবে সব কিছু সামলাতে হয়। দেশের হয়ে খেলতে নামলে কিছু নিয়ম মানতেই হয়। প্রয়োজন মতো শুধরেও নিতে হয়। সবমিলিয়ে দলের ভালোর জন্য যা যা দরকার তা অবশ্যই করতে হবে।












Click it and Unblock the Notifications