Robin Uthappa: কোম্পানির কর্মীদের পিএফ-র টাকা নয়ছয়ের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা জারি বিশ্বকাপজয়ী উথাপ্পার নামে
বিপাকে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। নিজের কোম্পানির কর্মীদের পিএফ-র টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ব্যবসাও শুরু করেন উথাপ্পা। বেঙ্গালুরু সেঞ্চুরি লাইফ স্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিও চালু করেন টি২০ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। কিন্তু নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ড ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। মোট ২৩ লক্ষ টাকা দুনীর্তির অভিযোগ উঠেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে।

জানা গিয়েছে গত ৪ ডিসেম্বরই রবিন উথাপ্পার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল কিন্তি তিনি নিজের গৃহের ঠিকানা পরিবর্তন করায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। কিন্তু বর্তমানে পিএফ অফিসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকারীরা উথাপ্পার নতুন ঠিকানার খোঁজ করতে শুরু করেছেন এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৪০৫ ধারার অধীনে, উথাপ্পার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে। কোম্পানির কর্মীদের পিএফ-র টাকা সঠিক সময় মতো জমা না করাও আইনের অধীনে একটি অপরাধ। আপাতত তদন্তকারীরা উথাপ্পার নতুন ঠিকানার খোঁজ করছেন। তারপরই পরের পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন উথাপ্পা। ২০০৭ সালে ধোনির নেতৃত্বাধীন টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়েও অনেকগুলি মরশুম খেলেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন উথাপ্পা। একদিনের ক্রিকেটে ৪৬ ম্যাচে ৯৩৪ রান আছে তাঁর।
ভারতীয় ক্রিকেট মহলে ধোনির ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় থাকে উথাপ্পার নাম। আইপিএলে মোট ২০৫ ম্যাচে ৪৯৫২ রান করেছেন। সিএসকে থেকেই অবসর নিয়ছেন উথাপ্পা। কেকেআরেও খেলেছেন। কিন্তু তাঁর মতো ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মতো অভিযোগ সত্যিই চাঞ্চল্যকর। যদি শেষ পর্যন্ত উথাপ্পা গ্রেফতার হন তাহলে সেটা হবে আরও লজ্জার।
রাতের দিকে উথাপ্পা দাবি করেছেন, ২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনও দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। আমি ক্রিকেটের কাজে নিযুক্ত থাকতাম। কোম্পনি অন্যরা পরিচালন করত।












Click it and Unblock the Notifications