Ranji Trophy: কোটলায় বিরাট কাণ্ড! ফের নিরাপত্তার বেড়াজাল ভেঙে কোহলির কাছে ভক্তরা, দেখুন ভিডিও
Ranji Trophy: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফের ভাঙল নিরাপত্তাবেষ্টনী। দিল্লি বনাম রেলওয়েজ রঞ্জি ম্যাচের প্রথম দিন বিরাট কোহলিকে প্রণাম করতে ঢুকে পড়েছিলেন এক ভক্ত।
গতকাল বিরাট কোহলি আউট হতেই খালি হতে শুরু করেছিল স্টেডিয়াম। আজ ম্যাচের তৃতীয় দিনেও বিরাট কোহলিকে নিয়ে চরম উন্মাদনা। এদিন ফের ভাঙল নিরাপত্তাবেষ্টনী।

বিরাট কোহলি ২০১২ সালের পর এই প্রথম রঞ্জি ম্যাচ খেলছেন। শুধু কোহলির টানেই অপ্রত্যাশিত দর্শক সমাগম লক্ষ্য করা যাচ্ছে কোটলায়। আজ শনিবারও তার ব্যতিক্রম হয়নি। খেলা শুরুর কিছুক্ষণ পরেই মাঠে ঢুকে পড়েন তিন দর্শক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট ফিল্ডিং করছিলেন। হঠাৎই দৌড়ে মাঠে ঢুকে পড়েন তিন ভক্ত। পরিস্থিতি সামাল দিতে ছুট লাগান নিরাপত্তারক্ষীরা। তবে তাঁরা পৌঁছনোর আগেই বিরাটকে প্রণাম ঠুকে তাঁর সঙ্গে আলিঙ্গনের চেষ্টা চালান তিন ভক্ত।
Three fans entered into the Ground to meet Virat Kohli & touched his feet during the Ranji Trophy match.#RanjiTrophy pic.twitter.com/SW7Oo7u2yC
— kishor (@kishorrmishra) February 1, 2025
তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। ওই তিন ভক্তকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু এদিনের ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, প্রথম দিনের ঘটনা থেকে কোনও শিক্ষাই নেননি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা।
দিল্লি-রেলওয়েজ ম্যাচের যা পরিস্থিতি তাতে বিরাট কোহলিকে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হবে বলে মনে হচ্ছে না। কেন না, এই প্রতিবেদন লেখা অবধি দ্বিতীয় ইনিংসে রেলওয়েজের স্কোর ২৮ ওভারে ৭ উইকেটে ১০০। এখনও সুরজ আহুজার দল পিছিয়ে রয়েছে ৩৩ রানে।
এদিকে, প্রথম ইনিংসে বিরাটের কাছে চার হজমের পরের বলেই অফ স্টাম্প ছিটকে দিয়েছিলেন রেলওয়েজের পেসার, নিউ দিল্লি রেল স্টেশনের টিকিট কালেক্টর হিমাংশু সাঙ্গওয়ান। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট বিরাট কোহলিকে আউট করা। এটা বলার অপেক্ষাই রাখে না। কারণ, বিরাট গোটা দেশের অনুপ্রেরণা। বিরাটের জন্য আলাদা পরিকল্পনা ছিল না। দিল্লির ব্যাটারদের বেশিরভাগই আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন। ফলে আউটসাইড এজ আদায় করতে চ্যানেল বোলিংয়েই ফোকাস রেখেছিলাম।












Click it and Unblock the Notifications