Ranji Trophy: রঞ্জি অভিষেক সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের, প্রথম দিনে কোন দলের কেমন পারফরম্যান্স?
অবশেষে রঞ্জি ট্রফিতে অভিষেক হলো সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। এলিট গ্রুপ সি-র ম্যাচে পরভরিমে রাজস্থানের বিরুদ্ধে গোয়ার হয়ে। তবে প্রথম দিনে অর্জুনকে বোলিং করতে হয়নি। ব্যাট হাতে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর কাঁধে।

রাজস্থানের হয়ে এদিন রঞ্জি অভিষেক হয় অভিষেক তোমরের। অশোক মানেরিয়ার নেতৃত্বাধীন রাজস্থান টস জিতে ফিল্ডিং নেয়। প্রথম দিনের শেষে গোয়া ৮৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে। ৮১ রানে ব্যাট করছেন সুযশ প্রভুদেশাই। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অর্জুন তেন্ডুলকর, ১২ বলে ৪ রানে অপরাজিত রয়েছেন। কাল ফের দলের রানকে এগিয়ে নিয়ে যাবেন। গোয়া কাল অল আউট হয়ে গেলে বল হাতেও অর্জুন নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন।
লিস্ট এ ক্রিকেটে ৭ ম্যাচে অর্জুনের ৮ উইকেট রয়েছে। ৩টি ইনিংসে তিনি ২৫ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ১৪। ৯টি টি ২০ ম্যাচে অর্জুন ১২টি উইকেট পেয়েছেন, ব্যাট হাতে ৫ ইনিংসে ২০ রান করেছেন, সর্বাধিক ১৫। গত নভেম্বরে লিস্ট এ বা ৫০ ওভারের ফরম্যাটে অর্জুনের অভিষেক হয় গোয়ার হয়ে, আলুরে অন্ধ্রের বিরুদ্ধে। ২০২১ সালের জানুয়ারিতে মুম্বইয়ের হয়ে হরিয়ানার বিরুদ্ধে তাঁর টি ২০ অভিষেক হয়। তবে চলতি মরশুমে তিনি গোয়ার হয়েও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন।
রঞ্জি ট্রফির অপর ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছেন প্রভসিমরণ সিং। ২৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৭৮ বলে ২০২ রান করে আউট হন তিনি। তাঁর ওপেনিং পার্টনার অভিষেক শর্মা করেন ১৪৬ বলে ১০০। মনদীপ সিংয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব টস হেরে ব্যাট করতে নেমে দিনের শেষে ৩ উইকেটে ৩৬৩ রান তুলেছে। পুনেতে মহারাষ্ট্রের বিরুদ্ধে যশ ঢুলের দিল্লি ১৯১ রানে অল আউট হয়ে যায়। ঢুল করেন ৪০, হিম্মত সিং সর্বাধিক ৪৯ রান করেন। মনোজ ইঙ্গেল পাঁচটি এবং রাজবর্ধন হাঙ্গারগেকর নেন তিনটি উইকেট। জবাবে ৫ উইকেটে ৮০ তুলেছে মহারাষ্ট্র। ইশান্ত শর্মা একটি উইকেট দখল করেছেন।
উত্তরাখণ্ড ২৮২ রানে অল আউট হওয়ার পর দিনের শেষে নাগাল্যান্ড তুলেছে বিনা উইকেটে ৯। অন্ধ্রপ্রদেশকে ২৩৮ রানে শেষ করে ১ উইকেট হারিয়ে ২৫ তুলেছে অজিঙ্ক রাহানের মুম্বই। পৃথ্বী শ ১৩ রানে সাজঘরে ফিরেছেন। হরিয়ানাকে ৪৮ রানে গুটিয়ে দিয়ে ঋষি ধাওয়ানের নেতৃত্বাধীন হিমাচল প্রদেশ তুলেছে ১ উইকেটে ২৪৬। প্রশান্ত চোপড়া ১৩৭ করেনষ রাঘব ধাওয়ান ৮৬ রানে ব্যাট করছেন।












Click it and Unblock the Notifications