ধোনির সঙ্গে ধোনির কথোপকথনে এক ঝলকে ফিরল সুশান্ত সিং রাজপুতের স্মৃতি
লং শট দেখলে এক ঝলকে সুশান্ত সিং রাজপুত বলে ভুল করতে পারেন। প্রায় বছর ঘুরতে চলল মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করা বলিউড তারকার আত্মহত্যার ঘটনা। কিন্তু না, একটি তেল সংস্থার বিজ্ঞাপনে ধোনির মুখোমুখি ধোনি নিজেই! একুশের অভিজ্ঞ ধোনি মুখোমুখি ২০০৫-এর ধোনির। ছয় ঘণ্টার মধ্যে ইউটিউবে যে ভিডিও দেখেছেন ৮৩ হাজার ক্রিকেটপ্রেমী। ডুব দিয়েছেন নস্ট্যালজিয়ায়।

ধোনির মুখোমুখি ধোনি
নুয়ান কুলশেখরার বলে ছক্কা হাঁকিয়ে ভারতের ২৮ বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আজকের দিনেই। তাই এই দিনেই একটি বিজ্ঞাপন আপলোড করেছে গাল্ফ অয়েল ইন্ডিয়া। সেখানে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয় ২০০৫ সালে। সে সময় ধোনির মাথায় ছিল লম্বা চুল। ঠিক সে সময়ের ধোনিকেই সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে বিজ্ঞাপনে। তাতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির অভিনয় দক্ষতাও।
ছবি- গালফ অয়েল ইন্ডিয়া ইউটিউব

সেরা ইনিংস
বিশ্বকাপ ফাইনালে ৮টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৯ বলে ম্যাচ জেতানো ৯১ রানের ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিজ্ঞাপনের মধ্যে সেই ইনিংসকেই নিজের কেরিয়ারের সেরা বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি। যেখানে তিনি বলেন, ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ফিনিশ করতে পারাটা ছিল এক আলাদা অনুভূতি। ওই বিশ্বকাপে ছয়ে ব্যাট করলেও ফাইনালে নিজেকে পাঁচে তুলে এনেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কঠোর পরিশ্রমের জন্যই ওই খেলা সম্ভব হয়েছিল বলে জানান তিনি।

পছন্দের খাবার ছেড়ে বাইক প্রেম!
২০০৪ সালে দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক খেললেও ধোনির টেস্ট অভিষেক হয় ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০২১-এর অভিজ্ঞ ধোনির সঙ্গে ২০০৫ সালের ধোনির মুখোমুখি কথোপকথনে উঠে এসেছে তাঁর কেরিয়ার, আত্মত্যাগের অনেক কথা। নিজের পছন্দ বাটার চিকেন, সফট ড্রিঙ্কস, মিল্কশেক নিজেকে ফিট রাখতে ছাড়তে হয়েছিল বলেও জানান মাহি। তবে ধোনি জানিয়েছেন, খাবার-দাবার ছাড়তে হলেও বাইকিং কখনও ছাড়ব না। আমার ৮০টি বাইক রয়েছে। সব কটিই আমার পছন্দের। রেখে দিয়েছি প্রথম বাইকটিও। যেটি শুধু চলে না, দৌড়ায়!

মূল্যবান পরামর্শ
একজন সফল ক্রিকেটার হতে গেলে কীভাবে খেলতে হয়, কীভাবে ধারাবাহিক থাকতে হয়, কীভাবে বিপক্ষের রণকৌশলের মোকাবিলা করতে হয় সে সম্পর্কে মূল্যবান টিপসও দিয়েছেন ধোনি। ধোনি বলেছেন, প্রতি ম্যাচে দলকে সাফল্যে এনে দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নেমে নিজেকে মেলে ধরতে হবে। একজন ক্রিকেটার কতটা তৈরি, বিপক্ষের রণকৌশল মোকাবিলায় তাঁর পরিকল্পনা এবং তার সফল প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নতি করে যেতে হবে। আজ তিনে ব্যাট করতে পরের ম্যাচে মিডল অর্ডারের যে কোনও পজিশনে খেলার জন্য তৈরি থাকতে হবে। মানসিকভাবে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। সেটা মাথায় রেখেই অনুশীলন চালিয়ে যেতে হবে, যাতে কখনও সমস্যার সম্মুখীন না হতে হয়।












Click it and Unblock the Notifications