Dhoni-Raina Camaraderie: ধোনি-রায়নার অবসর কেন স্বাধীনতা দিবসেই? জার্সি নম্বরের প্রভাবেই সিদ্ধান্ত?
Dhoni-Raina Camaraderie: মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। কয়েক মিনিটের মধ্যেই স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা। যাঁদের মধ্যে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা অত্যন্ত নিবিড়।
ধোনি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন না। ফলে কেন তিনি স্বাধীনতা দিবসকেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর দিন বেছে নিলেন, তা জানা যায়নি। কিন্তু সুরেশ রায়না এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কেন তিনি একই দিনে ধোনির মতো সিদ্ধান্ত নিয়েছিলেন।

ধোনির থেকে বয়সে ছোট রায়না। দুজনের মধ্যে মিলের অন্যতম হলো, তাঁদের উঠে আসা ছোট শহর থেকে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরে জন্ম রায়নার। ধোনির জন্ম রাঁচিতে। ক্রিকেট মাঠের বাইরেও দুজনের ভালোই মিল রয়েছে। বিশেষ করে ফুডকোর্ট বা ধাবায় যে খাবার পাওয়া যায় তা ধোনি ও রায়নার পছন্দের। এমনই নানা মিল রয়েছে।
২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ালিয়রে দলীপ ট্রফির ম্যাচে ধোনিকে দেখে আকৃষ্ট হন রায়না। তাঁদের বন্ধুত্ব আরও নিবিড় হয় বেঙ্গালুরুতে ভারতীয় দলের শিবিরে। রায়নার একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় ২০০৫ সালের জুলাইয়ে। ২০০৪ সালের ডিসেম্বরে ভারতের একদিনের আন্তর্জাতিক দলে অভিষেক হয় ধোনির।
দেশের হয়ে তো বটেই, চেন্নাই সুপার কিংসের হয়েও স্মরণীয় পার্টনারশিপ গড়েছেন ধোনি ও রায়না। কাঁধে কাঁধ মিলিয়ে এনে দিয়েছেন সাফল্য। সে কারণে চেন্নাই সুপার কিংসের ভক্তরা ধোনিকে 'থালা' বলে ডাকেন, রায়নাকে ডাকেন 'চিন্না থালা' বলে। দু-জনের পারস্পরিক সম্পর্ক নিয়ে মিডিয়ায় নানা সময় নানা আলোচনা হলেও তাঁরা কেউই পরস্পরের বিরুদ্ধে মুখ খোলেননি। বরং বন্ধুত্বেরই বার্তা দিয়েছেন বারবার।

ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন। যা শোরগোল ফেল দিয়েছিল ক্রিকেটবিশ্বে। ধোনির অবসর ঘোষণার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন সুরেশ রায়নাও। ভারতীয় ক্রিকেটের দুই তারকার আচমকা সিদ্ধান্তে আন্দোলিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।
সুরেশ রায়না জানিয়েছেন এভাবে অবসর ঘোষণার কারণ। দৈনিক জাগরণকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধোনির জার্সির নম্বর ৭, আমার ৩। ৭ ও ৩ পরপর রাখলে হয় ৭৩। ভারতের স্বাধীনতার ৭৩ বছর পূর্তির দিনেই তাই অবসর নেওয়ার চেয়ে ভালো মুহূর্ত আর হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা প্রায় একই সময়ে পথ চলা শুরু করি। চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলেছি। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একসঙ্গে অবসর।












Click it and Unblock the Notifications