মহমেডান স্পোর্টিং-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ইরফান পাঠান
নতুন বছর শুরুর আগেই সমর্থকদের তাক লাগানো উপহার দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্রিসমাসের আবহে যখন শহর কলকাতা 'জিংগেল বেল'-এর সুরে দুলছে তখন মহমেডান স্পোর্টিং নিজেদের ব্র্যান্ড অ্যাম্বসেডার হিসেবে ঘোষণা করল ইরফান পাঠানের নাম।

ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার'কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে জানায় মহমেডান। ইরফান'কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা সিদ্ধান্তের পিছনে দেশের বিভিন্ন প্রান্তে মহমেডানের নাম আরও ছড়িয়ে দেওয়াই প্রধান লক্ষ্য জানিয়েছেন ব্ল্যাক প্যান্থার্স'দের ইনভেস্টার সংস্থা বাঙ্কার হিলে অন্যতম কর্তা দীপক কুমার সিং। তাঁর কথায়, "মহমেডান স্পোর্টিং একশো বছরের পুরনো একটা প্রতিষ্ঠান। চলতি বছর কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া সম্প্রতিক অতীতে সাফল্য বলতে খুব বেশি কিছু আসেনি। নতুন প্রজন্ম মহমেডানের কীর্তি এবং গৌরব গাঁথা সম্পর্কে পুরোপুরি জানে না। তরুন প্রজন্মের মধ্যে ইরফান পাঠানের বেশ ভাল অনুগামী রয়েছে। তাঁর ফ্যান ফলোয়িং অনেক বেশি। দেশব্যাপী ইরফানের এই জনপ্রিয়তা'কে দলের জন্য কাজে লাগিয়ে মহমেডান স্পোর্টিং'কে প্রমোট করাটাই আমাদের লক্ষ্য। মনে রাখতে হবে, নতুন প্রজন্মই আমাদের ভবিষ্যতের সমর্থক।"
বাঙ্কার হিলের এই আধিকারিক এ-ও জানিয়েছেন, ইরফান'কে চূড়ান্ত করার আগে বিভিন্ন সেলিব্রিটি'কে নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু মহামেডানের সঙ্গে পাঠানের অনেক মিল থাকায় তাঁকেই দলের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁর কথায়, "ইরফান এবং আমাদের ক্লাবের মধ্যে অনেক মিল রয়েছে। এই কারণেই শেষ পর্যন্ত ওকে বেছে নিয়েছি আমরা।"
নতুন বছরের মাঝামাঝি মহমেডান ক্লাব তাঁবুতে আসবেন ইরফান। দীপক কুমারের কথায়, "নতুন বছরের মাঝামাঝি মহমেডানে আসার জন্য কলকাতায় পা রাখবেন ইরফান। সেখানে দলের ফুটবলারদের সঙ্গে দেখা করার পাশাপাশি সমর্থকদের সঙ্গেও সময় কাটাবেন তিনি। আই লিগে ক্লাবের একাধিক ম্যাচে মাঠে উপস্থিত থেকে দলকে উজ্জীবিত করবেন পঠান কারণ ও নিজেও ভীষন ভাবে দলের সঙ্গে জড়িয়ে থাকতে চায়।" সাদা-কালো ইনভেস্টার কর্তা জানিয়েছেন মহমেডানের ব্র্যান্ড অ্যম্বাসেডর হওয়ার প্রস্তাব যখন তাঁর কাছে দেওয়া হয় এক মুহূর্তের জন্য কোনও কিছু না ভেবে সম্মতি দেন ইরফান। "মহমেডান স্পোর্টিং সম্পর্কে বেশ ভাল মতোই ওয়াকিবহল ইরফান। ওকে যখন প্রথম প্রস্তাব দেওয়া হয় তখন এক মুহূর্ত না ভেবে সরাসরি রাজি হয়ে যায় ও। ওর আমাদের বলেছিল আমি যদি সত্যিই এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে তা হলে সেটা আমার জন্য অত্যন্ত সম্মানের হবে।"












Click it and Unblock the Notifications