Mohammed Siraj: মহম্মদ সিরাজ এখন তেলঙ্গানার ডিএসপি! ভারতীয় পেসারের পুলিশের বেশ ভাইরাল
Mohammed Siraj: তেলঙ্গানা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্টের কার্যভার গ্রহণ করলেন মহম্মদ সিরাজ। ডিএসপির পোশাকে সিরাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য সিরাজের পদোন্নতির কথা আগেই ঘোষণা করেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেই ঘোষণারই বাস্তবায়ন ঘটল গতকাল।

মহম্মদ সিরাজ বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে রয়েছেন। ১৬ অক্টোবর থেকে ভারত-নিউজিল্যান্ড টেস্ট শুরু। সেই টেস্টের দলে রয়েছেন ভারতের নির্ভরযোগ্য এই পেসার। গতকাল সিরাজ গিয়ে দেখা করেন তেলঙ্গানার ডেপুটি জেনারেল অব পুলিশের সঙ্গে। তিনিই সিরাজকে ডিএসপি পদে স্বাগত জানান।
টি২০ বিশ্বকাপ জিতে ফেরার পর হায়দরাবাদে সিরাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মুখ্যমন্ত্রী রেবন্তের। তিনিই তখন ঘোষণা করেছিলেন সিরাজকে তেলঙ্গানা সরকারের গ্রুপ-১ পদে আসীন করা হবে। ক্রিকেটার হিসেবে অসামান্য অবদান রাখা ও বিশ্ব দরবারে দেশের হয়ে প্রতিনিধি করার স্বীকৃতিস্বরূপ।
ফলে গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে তেলঙ্গানা পুলিশের ডিএসপি হলেন সিরাজ। তাৎপর্যপূর্ণভাবে তা হায়দরাবাদে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজের শেষ ম্যাচের ঠিক আগের দিন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সিরাজ চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম সেরা পেসারদের একজন হয়ে উঠেছেন।
DSP MOHAMMAD SIRAJ ON DUTY. 🫡🇮🇳 pic.twitter.com/Vn39mq5T5G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 12, 2024
সিরাজকে যেভাবে তেলঙ্গানা সরকার সম্মানিত করল তাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখলে যে এমন সরকারি পর্যায়েও স্বীকৃতি মেলে সেই বার্তা উঠতি খেলোয়াড়দের কাছে ফের পৌঁছে দেওয়া হলো। সিরাজ হয়ে উঠবেন রোল মডেল। সিরাজের ডিএসপি হিসেবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ অনিল কুমার যাদব, কংগ্রেস নেতা ফাহিম কুরেশি।












Click it and Unblock the Notifications