Mohammed Shami: মহম্মদ শামির গোড়ালিতে সমস্যা, দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন?
Mohammed Shami: মহম্মদ শামিকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে রেখেছেন নির্বাচকরা। তবে সেখানে উল্লেখ ছিল, শামির চিকিৎসা চলছে। তিনি ফিট হলে প্রোটিয়াদের দেশে মাঠে নেমে পড়তে পারবেন।
বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে শামিকে খেলায়নি ভারত। হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেই শামির ভাগ্য খুলে যায়। সাত ম্যাচে ২৪ উইকেট নিয়ে তিনি বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারী হন। কিন্তু তারপর তাঁর চিকিৎসা চলার খবরে উদ্বিগ্ন ভক্তরা।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শামির গোড়ালিতে কিছু সমস্যা রয়েছে। সে কারণে স্বাভাবিকভাবে হাঁটতেও কিছুটা অসুবিধা হচ্ছে। ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যোগ দেওয়ার আগে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব চলবে বাংলার এই পেসারের। সম্প্রতি তাঁকে বাংলা দলের সঙ্গেও দেখা গিয়েছে।
মুম্বইয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলছে বাংলা। বাংলা দলে রয়েছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বিজয় হাজারে ট্রফি চলাকালীন বাংলা দলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন শামি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কিন্তু শামি হঠাৎ মুম্বইয়ে গেলেন কিনা তা নিয়েও চলতে থাকে চর্চা। যার কারণ এবার জানা গেল।
বিসিসিআই সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, বাংলা দলের কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে শামি যখন সময় কাটাচ্ছিলেন তখনই তাঁর হাঁটতে সামান্য সমস্যা হচ্ছে বলে দেখা যায়। তবে শামির মাঠে কোনও চোট লাগেনি বলেই দাবি সূত্রের। গোড়ালির চোট দেখাতে তিনি মুম্বইয়ে এক শল্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ২৬ ডিসেম্বর থেকে। শামির চোট গুরুতর হলে তাঁকে ওই টেস্ট সিরিজের দলে রাখা হতো না বলেও জানা যাচ্ছে। ফলে তিনি ওই সিরিজ খেলার জন্য পুরো ফিট হয়ে যাবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহম্মদ শামিও গত টি ২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি ২০ খেলেননি।
এই পরিস্থিতিতে শামি আসন্ন টি ২০ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। আপাতত বিশ্বকাপের আগে শামি সাদা বলের কোনও সিরিজেই খেলবেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি এবং দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫টি টেস্ট খেলবে। এই সাতটি টেস্টের কথা ভেবেই শামিকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের আগে শামি প্রস্তুতি ম্যাচ খেলবেন কিনা তা স্পষ্ট নয়। আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করছে তাঁর টি ২০ বিশ্বকাপ খেলার সম্ভাবনা। গত দুই মরশুমে গুজরাত টাইটান্সের হয়ে বল হাতে যেভাবে শামি ভরসা জুগিয়েছেন, তাতে আইপিএলে সেই ধারা বজায় রাখতে পারলে শামি টি ২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিতেই পারেন। অন্তত যেভাবে তিনি বিশ্বকাপে খেলেছেন তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলেই।












Click it and Unblock the Notifications