IPL 2021: টানা ব্যর্থতায় মর্গ্যানকে বাদ দেওয়ার দাবি জোরালো! লজ্জার নজিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ

২,০, ৮, ৭, ০, ০, ৪৭, ০, ৭, ২৯, ৭, ০। কোনও মোবাইল নম্বর নয়। এগুলি আসলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানের চলতি আইপিএলে ১১টি ইনিংসের রান। তিনবার শূন্যে আউট। আইপিএলে ইয়ন মর্গ্যানের চেয়ে খারাপ গড় কোনও দলের কোনও অধিনায়কের নেই। তার উপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বিতর্কে যেভাবে জড়িয়েছেন মর্গ্যান, তাতে তিনি অনেকের কাছেই চক্ষুশূল হয়েছেন। লাগাতার ব্যর্থতায় মর্গ্যান হঠাওয়ের দাবিও উঠতে শুরু করেছে।

টানা ব্যর্থতায় মর্গ্যানকে বাদ দেওয়ার দাবি জোরালো

এবারের আইপিএলে ১২টি ম্যাচে মোট ১০৮টি বল খেলে মাত্র ১০৯ রান করেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান। সর্বাধিক অপরাজিত ৪৭। গড় ১০.৯০। স্ট্রাইক রেট ১০০.৯২। সাতটি চার ও পাঁচটি ছয় এসেছে মর্গ্যানের ব্যাট থেকে। এদিন ২ বলে ২ রান করে মহম্মদ শামির বলে লেগ বিফোর হলেন তিনি। আইপিএলের দ্বিতীয়ার্ধে আরসিবি ম্যাচে তাঁকে ব্যাট করতে হয়নি। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ বলে ৭ রান করে জসপ্রীত বুমরার শিকার হয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ বলে ৮ রান করে জস হ্যাজলউডের ওভারে আউট হন। দিল্লি ক্যাপিটালস ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বাকযুদ্ধে জড়ানোর পর অশ্বিনের ওভারেই ২ বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল কেকেআর তথা ইংল্যান্ড অধিনায়ককে।

মর্গ্যানের টানা ব্যর্থতায় অস্বস্তি বাড়ছে নাইট শিবিরে। শাকিব আল হাসান বসে রয়েছেন। নেহাত চোট পেয়ে বাইরে আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন। দুজনেই কেকেআরের হয়ে ভালো খেলছেন। রাসেলের চোটের যা অবস্থা বলে জানা যাচ্ছে তাতে তিনি টি ২০ বিশ্বকাপের আদৌ কেকেআরের হয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিদেশিদের ফিটনেস সমস্যা না থাকলে মর্গ্যান কার্যত দলের বোঝা হিসেবেই প্রতিপন্ন হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। ভারত ও বাংলাদেশের সমর্থকরাই বেশি সরব।

শাকিব আল হাসান বলেছিলেন আইপিএল খেলে টি ২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে চান এবং সেই অভিজ্ঞতা ভাগ করে নেবেন বাংলাদেশ দলের সতীর্থদের সঙ্গে। কিন্তু আইপিএলের দ্বিতীয়ার্ধে এখনও দলের বাইরে শাকিব। এর কারণ হতে পারে, টি ২০ বিশ্বকাপ অবধি উইকেটগুলিকে ধরে রাখতে পিচে ঘাস থাকা। যাতে স্পিনারের সংখ্যা বাড়িয়ে নামতে পারছে না কেকেআর-সহ বিভিন্ন দল। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী যে ফর্মে রয়েছেন তাতে প্রথম একাদশে থাকবেনই। এই অবস্থায় মর্গ্যানের ফর্ম শাকিব-ভক্তদের তাতিয়ে দিয়েছে। আইপিএলের অধিনায়ক হিসেবে খারাপ গড়ের পরিসংখ্যান বলছে, ২০১২ সালের আইপিএলে হরভজন সিংয়ের ব্যাটিং গড় ছিল ১২। ২০০৯ সালে শেন ওয়ার্নের ১৩.৫। আজকের ব্যর্থতার পর মর্গ্যানের দশা সেগুলির চেয়েও খারাপ।

সোশ্যাল মিডিয়ায় এমন কটাক্ষও ভেসে এসেছে যে, মর্গ্যান আসন্ন টি ২০ বিশ্বকাপে ধোনির মতোই ইংল্যান্ডের মেন্টরের ভূমিকা পালন করুন। কেউ আবার লিখেছেন, আজকেও মর্গ্যানের ব্যর্থতা দেখে নিশ্চিতভাবেই খুশি হবেন অশ্বিন। হাইভোল্টেজ ম্যাচে স্টাম্প লক্ষ্য করে বল করে শামি ক্রিকেটীয় স্পিরিট ভেঙেছেন কিনা কটাক্ষ মেশানো সেই প্রশ্নও নাইট অধিনায়কের জন্য রেখেছেন নেটাগরিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+