IPL 2025: শ্রেয়স পাঞ্জাব কিংসের হয়ে ব্যাট করবেন তিনে, হোম ম্যাচ জেতায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন পন্টিং
IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের পর এবার পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স আইয়ার। অভিযান শুরুর আগে বেশ আত্নবিশ্বাসী তিনি।
দিল্লিকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুললেও আইপিএল খেতাব জয়ের স্বপ্ন পূরণ হয় গত বছর। এবার আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটার শ্রেয়স প্রথমবার খেতাব জেতাতে চান পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার নম্বরে ব্যাট করেছেন। ৫ ম্যাচে ২৪৩ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রাচিন রবীন্দ্র পর দ্বিতীয় স্থানে ছিলেন। যদিও শ্রেয়স আজ জানিয়ে দিলেন, আইপিএলে তিনি তিন নম্বরেই ব্য়াট করবেন।
শ্রেয়স আইপিএলে নজর কেড়ে ভারতের টি২০ দলে প্রত্যাবর্তন করতে চাইছেন। তাঁর কথায়, আমরা জানি আইপিএল ভারতীয় ক্রিকেটেরই গুরুত্বপূর্ণ অংশ। আমি নিজেকে টি২০-তে তৈরি রাখছি তিন নম্বরের জন্যই। সেটাই আমার ফোকাস। আমি বলব না, আমি আমার ব্যাটিং পজিশন নিয়ে পরিকল্পনা করছি, কোথায় ব্যাট করব তা নিয়ে ভাবনাচিন্তা করছি। কোচ যতক্ষণ অনুমতি দেবেন ততক্ষণ আমার ব্যাটিং পজিশন নিয়ে পরিকল্পনা পরিষ্কার। আমি তিনেই খেলব।
দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে রিকি পন্টিংয়ের সঙ্গে কাটানোর অভিজ্ঞতা নিয়ে শ্রেয়স বলেন, আমরা সেখানে তিন বছর একসঙ্গে কাটিয়েছি। আমি জানি কীভাবে পন্টিং মাঠে ও মাঠের বাইরের জন্য প্রত্যেককে নিয়ে ভাবেন, সাপোর্ট করেন। অনেক জায়গায় সিনিয়র-জুনিয়র কালচার থাকে। কিন্তু আমি যখন প্রথম পন্টিংয়ের সঙ্গে কাজ করি, তখন তিনি আমাকে গ্রেট প্লেয়ারের মতোই সম্মান দিয়েছেন।
পন্টিং যেভাবে শ্রেয়সকে গাইড করেছেন তাতে এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার কাজ সহজ হয়েছে। শ্রেয়সের কথায়, পন্টিং যেভাবে আত্মবিশ্বাস জোগান, তা অন্য মাত্রার। ফলে তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে। যদি কোনও ম্যাচের রেজাল্ট এদিক-ওদিক হয়, তাহলেও তাঁর পরিকল্পনা, রণকৌশলের নড়চড় হয় না। তিনি একইভাবে ভাবেন, জিততে চান।
শ্রেয়স আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রফি জেতা। পাঞ্জাব যে আগে খেতাব জেতেনি, এটা আমাদের কাছে কোনও চাপ নয়। আমরা এটিকে একটা সুযোগ হিসেবেই দেখছি।
পন্টিং নিজেও শ্রেয়সের সঙ্গে ফের কাজ করতে মুখিয়ে থাকার কথা জানালেন। পাঞ্জাব কিংসের হেড কোচ বলেন, দিল্লিতে দীর্ঘ সময় আমরা একসঙ্গে কাজ করেছি। আমি যে বেস্ট প্লেয়ারদের সঙ্গে কাজ করেছি শ্রেয়স তাঁদের অন্যতম। মানুষ হিসেবেও ভালো। আইপিএল খেতাবজয়ী অধিনায়ক। এর থেকে আর বেশি কী দরকার!
সাফল্যের জন্য কোচ ও অধিনায়কের মধ্যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি পাঞ্জাব কিংসের ক্ষেত্রে ইতিবাচক বলে উল্লেখ করেছেন পন্টিং। দল নিয়েও তিনি বেশ আত্মবিশ্বাসী। হোম ম্যাচ জেতার উপরই বাড়তি গুরুত্ব দিচ্ছেন। পন্টিং জানান, কোচ হিসেবে শক্ত চ্যালেঞ্জ প্রত্যাশা করছিলাম। এখানে দায়িত্ব পেয়েছি। তবে কোনও চাপ অনুভব করছি না। আইপিএল জিততে হলে হোম ম্যাচ জিততে হবে। ডায়নামিক ও এন্টারটেনিং ব্র্যান্ডের ক্রিকেটই যে তাঁর দল খেলবে তা জানিয়ে দিলেন পান্টার।












Click it and Unblock the Notifications